চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান মামলায় গ্রেপ্তার সাত ভারতীয় নাগরিককে সাজা শেষে শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে পাঠানো হয়েছে।
এরা হলেন- ভারতের মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার মোহনগঞ্জ গ্রামের পবিত্র মন্ডলের ছেলে গোবিন্দ মন্ডল (২২) ও কুবর মন্ডলের ছেলে কল্পনা মন্ডল (৪০), জলঙ্গীর টিকটিকি পাড়ার চমৎকারের ছেলে শহিদুল (২১) ও মোহাম্মদ খাজিমের ছেলে মোহাম্মদ জসিম (২২), চরমাঝাড়দিয়া গ্রামের সেফাতুল্লাহ মন্ডলের ছেলে খলিলুর রহমান (৪৭) ও ভোলানাথ মন্ডলের ছেলে সুধীর মন্ডল (৩৭) এবং বুধুরপাড়া গ্রামের আবুল কালামের ছেলে আব্দুস সালাম বাবু (৩৬)।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার দিদারুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহীর বিভিন্ন সীমান্ত পথে মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে ২০০৭ সালের ৪ ফেব্র"য়ারি গোবিন্দ মন্ডল, কল্পনা মন্ডল ও সুধীর মন্ডলকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। চোরাচালানের মামলায় শহিদুল ও জসিম ওই বছরের ৫ সেপ্টেম্বর আদালতে নির্দোষ প্রমাণিত হয়। ২০০৫ সালের ৯ অক্টোবর মাদক চোরাচালানের আরেক মামলায় গ্রেপ্তার আব্দুস সালামকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত।
এছাড়া অবৈধ অনুপ্রবেশের অভিযোগে খলিলুর রহমানকে ২০০৮ সালের ৬ মে আদালত একমাসের সশ্রম কারাদণ্ড দেয়।
দিদারুল আলম বলেন, "দুজন নির্দোষ প্রমাণিত ও বাকীদের সাজার মেয়াদ শেষ হওয়ার পরও এই ৭ জনকে তাদের দেশে ফেরত পাঠাতে ভারত ও বাংলাদেশের আইনি প্রক্রিয়া শেষ করতে দীর্ঘ সময় পার হয়ে যায়। তাই এই ৭ ভারতীয় নাগরিক অতিরিক্ত ২ থেকে ৬ বছর বন্দি জীবন কাটায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে।"
উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে তাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয় গত ২০ মে।
বিডিআর ও ইমিগ্রেশন প্রক্রিয়া শেষে সোনামসজিদ চেকপোস্ট সীমান্ত দিয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় ভারতীয় ৭ নাগরিককে বিএসএফ'র কাছে হস্তান্তর করা হয়।
বিডিআর ও পুলিশ কর্মকর্তারা এবং জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার দিদারুল আলম এ সময় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৪১০ ঘ.
bdnews24