ঢাকা, নরসিংদী, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্রুত বিচার কাজ শেষ করার তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি মোহাম্মদ ফজলুল করিম।
তিনি বলেন, "বিচার কাজ ত্বরান্বিত করার লক্ষ্যে দিনের কাজ দিনে করতে হবে। কালকের জন্য ফেলে রাখা যাবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, শুক্রবার বিকালে গাজীপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এ কথা বলেন।
তিনি বলেন, "দেশের, দশের ও দ্রুত বিচারের স্বার্থে সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে নিজেকে নিয়োজিত রাখতে হবে। বিচারপ্রার্থীদের আহাজারি নিরসনে মামলার দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে।"
এ ব্যাপারে বিচারক ও আইনজীবীদের মধ্যে সমন্বয়ের আহবান জানান প্রধান বিচারপতি।
আইন কর্মকর্তাদের নির্মোহভাবে আদালতকে সহযোগিতা করা, যথাসময়ে সাক্ষ্য নেওয়া এবং সময় মতো সমন জারির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন- ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. আশরাফুল ইসলাম, জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল, জেলা প্রশাসক মো. কামালউদ্দিন তালুকদার প্রমুখ।
এর আগে প্রধান বিচারপতি গাজীপুর জজ আদালত পরিদর্শন করেন।
দুপুরে প্রধান বিচারপতি নরসিংদী জেলা আইনজীবি সমিতির দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান।
তিনি বলেন, "মামলায় সাক্ষ্য দিতে এসে কেউ যাতে হয়রানির শিকার না হয় সে দিকে আইনজীবী ও বিচারকদের দৃষ্টি দিতে হবে।"
সমিতির সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অ্যাডভোকেট জিল্লুর রহমান, শাহাজাহান মিয়া, ন.ম. রহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক অমৃত বাড়ৈ ও পুলিশ সুপারিনটেনডেন্ট আক্কাছ উদ্দীন ভূঁইয়া।
পরে প্রধান বিচারপতি জেলা জজদের সঙ্গে মতবিনিময় করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24