২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভোমরা বন্দরে তৃতীয় দিনে আমদানি-রপ্তানি বন্ধ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুক্রবার তৃতীয় দিনের মত আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2010, 06:32 AM

Updated : 25 Aug 2022, 01:11 PM

সাতক্ষীরা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুক্রবার তৃতীয় দিনের মত আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। ভারত থেকে আমদানিকৃত পণ্য ও বন্দর কর্মচারী ইউনিয়নের একজন নেতাকে আটক এবং একজন ভারতীয় ট্রাক চালককে প্রহারের ঘটনাকে কেন্দ্র করে বন্দরে বুধবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে যায়। এর ফলে ভোমরা ও এর বিপরীতে ভারতের ঘোজাডাঙায় পন্যবাহী অনেক ট্রাক আটকা পড়েছে। ভোমরা সিএ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক কাজী নওশাদ দেলোয়ার রাজু জানান, প্রায় দুই কোটি টাকা মূল্যের তিন ট্রাক ভারতীয় সিনথেটিক ফেব্রিকস মঙ্গলবার সন্ধ্যায় ভোমরা বন্দরে আমদানি করা হয়। আমদানিকারক প্রতিষ্ঠান রাজধানীর পান্থপথ এলাকার বসুন্ধরা সিটির মেসার্স রিয়ামনি এন্টারপ্রাইজের এই মালামাল ভোমরা বন্দরের মেসার্স সুলতান এন্টারপ্রাইজ নামক সিএন্ডএফ এজেন্টের মাধ্যমে আমদানি করা হয়। কাস্টমস সূত্র জানায়, এ সংক্রান্ত বিল অফ এন্ট্রি সহ সকল কার্যক্রম সম্পন্ন করার পর তা একটি গোডাউনের জিম্মায় রাখা হয়। রাতে বিডিআর ওই তিন ট্রাক ফেব্রিকসসহ ভোমরা বন্দর কর্মচারী ইউনিয়নের সহসভাপতি শওকত হোসেনকে আটক করে। এর প্রতিবাদে বুধবার সকালে ভোমরা বন্দরে সিএ্যান্ডএফ কর্মচারীরা কর্মবিরতি শুরু করে। ভোমরা বন্দর কাস্টমস সুপার জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকার আইএফআইসি ব্যাংকের মাধ্যমে এলসি খোলা এই পন্যের সব কাগজপত্র যথার্থ থাকলেও বিডিআর তা মঙ্গলবার রাতে আটক করে নিয়ে যায়। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় বুধবার সকালে একটি সাধারন ডায়েরী করা হয়েছে। ডায়রীতে উল্লেখ করা হয়েছে, বিডিআর আমদানিকৃত পন্যসহ এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে গেলেও তার কোনো প্রাপ্তি রসিদ দেয়নি। তিনি আরও জানান, আমদানিতে অবৈধ কিছু করার সুযোগ নেই। খুলনার কাস্টমস্ কমিশনার এ বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানিয়ে বিডিআরের এই আটকের প্রতিবাদ করেন। এ অবস্থায় বৃহস্পতিবার দুপুরে ফেব্রিকসগুলি সাতক্ষীরা শহরে কাস্টমস গোডাউনে জমা দিতে গেলে তা জমা না নিয়ে পন্য কর্মকর্তারা বিডিআরকে ফেরত পাঠায়। এদিকে ভোমরা ক্যাম্পে এক বিডিআর সদস্য বুধবার পরিচয় পত্র নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জামাল হোসেন নামের এক ভারতীয় ট্রাক চালককে মারধর করে। এর প্রতিবাদে ভারতীয় ট্রাক চালকরা ভোমরা বন্দরে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তাদের বিক্ষোভের মুখে বুধবার সকাল থেকে কোন পন্যবাহী ভারতীয় ট্রাক বাংলাদেশে ঢুকতে পারেনি। এর ফলে ঘোজাডাঙায় আটকে পড়ে ফল ও অন্যান্য পচনশীল পন্য বহনকারী প্রায় ৪০০ ট্রাক। এদিকে বিডিআর ও কাস্টমস এবং সিএ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কর্মকর্তাদের মধ্যে একাধিকবার আলোচনা হলেও অচলাবস্থা নিরসন হয়নি। বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম ইকবাল আজিম জানান, কর্মচারী ইউনিয়নের কাউকে আটক করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে ক্যাম্পে আনা হয়েছিল মাত্র। বুধবার তাকে ছেড়েও দেওয়া হয়। তিনি আরও জানান, আমদানিকৃত তিন ট্রাক সিনথেটিক ফেব্রিকসের মধ্যে লুকিয়ে আমদানি নিষিদ্ধ থ্রিপিস নিয়ে আসায় তা আটক করা হয়েছিল। তিনি এ প্রসঙ্গে যুক্তি দেখিয়ে বলেন, কাস্টমস এর বাকি কার্যক্রম সম্পন্ন করার জন্য বৃহস্পতিবার তা ফেরত দেওয়া হয়েছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে ভোমরা বন্দর সিএ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশন সভাপতি আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে কর্মচারী ইউনিয়ন, লেবার ইউনিয়ন, ট্রান্সপোর্ট ইউনিয়ন ও ট্রাক মালিক সমিতির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। যাবতীয় আমদানি ও রপ্তানি পন্য, ভারতীয় ট্রাক চালক এবং ভোমরা বন্দরে কর্মরতদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২২৫ ঘ.