ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতের শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তার ও যুদ্ধারাধের বিচারকে সামনে রেখে কেউ যেনো 'অস্থিতিশীল' পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক রয়েছে সরকার।
বৃহস্পতিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর করিব নানক এ কথা বলেন।
তিনি বলেন, "আমরা দেশের মানুষের শান্তি-শৃঙ্খলা নিশ্চিত করতে সতর্ক দায়িত্ব পালন করছি। যুদ্ধাপরাধীদের বিচার নতুন কোনো দাবি নয়। যুদ্ধাপরাধীদের বিচার এই বাংলার মাটিতেই হবে।"
যুদ্ধাপরাধীদের বিচার কাজ অবিলম্বে শুরুর দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর দাবি জানিয়ে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ও যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম বলেন, "নতুন প্রজন্মের দেড় কোটি ভোটারের দাবি যুদ্ধাপরাধীদের বিচার। যুদ্ধাপরাধীরা সুসংগঠিত হয়ে সরকারকে অস্থিতিশীল করতে চায়।"
তিনি দাবি করেন, বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেননি। '৭৫ এর ১৫ আগস্টের পর জিয়াউর রহমানই যুদ্ধাপরাধীদের মুক্ত করেন। শাহ আজিজুর রহমানের মতো 'রাজাকারকে' বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন জিয়াউর রহমান। অবৈধ ও স্বৈর শাসকদের ঘাড়ে ভর করেই যুদ্ধাপরাধীরা এতদিন বাংলাদেশে রাজনীতি করে এসেছে।
একাত্তরের যুদ্ধাপরাধীরা বাংলাদেশকে 'তালেবান' রাষ্ট্র বানানোর জন্য বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাকে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন আজম।
ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সভাপতি মহিউদ্দিন আহমেদ মহির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, হারুন আর রশিদ, ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরণ, আব্দুস সাত্তার মাসুদ, মঞ্জুরুল আলম শাহীন, নুরুন্নবী চৌধুরী শাওন, মামুনুর রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/এসইউএম/এইচএ/২০৩০ ঘ.
bdnews24