ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ধান-চাল সংগ্রহ অভিযান সফল করতে সরকার চালকল মালিকদের কেজি প্রতি তিন টাকা নগদ অর্থসহায়তা (ইনসেনটিভ) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সরকারের সঙ্গে চুক্তি করার পরও যেসব চালকল মালিক এখনো সরকারি গুদামে চাল সরবরাহ করতে ব্যর্থ হয়েছেন, তারা এ অর্থ সহায়তা পাবেন। তবে যারা ইতোমধ্যেই চাল সরবরাহ করেছেন, তারা এ সহায়তা পাবেন না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত 'খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি'র এক সভা শেষে মন্ত্রী একথা জানান।
আব্দুর রাজ্জাক বলেন, "চলতি বোরো মৌসুমে কৃষকদের ন্যায্য মূল্য দিতে সরকার অভ্যন্তরীণ বাজার থেকে ১২ লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। কিন্তু গত তিন মাসে সরকারি খাদ্য গুদামগুলোয় দুই লাখ ৬০ হাজার মেট্রিক টন চাল জমা হয়েছে।"
এছাড়া চালকল মালিকদের সঙ্গে আরো প্রায় আড়াই লাখ টন চাল সরবরাহের চুক্তি হয়েছে সরকারের। তবে চালকল মালিকরা বলছেন, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বাজারে চালের দাম বেশি হওয়ায় চাল সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
খাদ্যমন্ত্রী জানান, চাল সংগ্রহ নিশ্চিত করতেই সরকার চালকল মালিকদের কেজি প্রতি তিন টাকা হারে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে চাল সরবরাহ শেষে এককালীন এ অর্থসহায়তা দেওয়া হবে।
তিনি বলেন, চলতি বোরো মৌসুমে সরকার প্রতি কেজি চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছিল ২৫ টাকা। ধানের সংগ্রহ মূল্য ধার্য করা হয় কেজি প্রতি ১৭ টাকা । কিন্তু বাজারে চালের মূল্য বেশি হওয়ায় এই দামে সরকারি গুদামে চাল দেওয়া সম্ভব হচ্ছিল না।
আব্দুর রাজ্জাক জানান, সরকার এখন আর অভ্যন্তরীণ বাজার থেকে চাল কেনার ওপর জোর দিচ্ছে না। দেশের খাদ্য মজুদ বাড়াতে সরকার চাল ও গম আমদানির উদ্যোগ নিয়েছে। ভারত থেকে চাল ও গম আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে।
তিনি বলেন, "দেশে বর্তমানে প্রায় সাড়ে চার লাখ টন চালসহ ছয় লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে। এক লাখ টন চাল ও তিন লাখ টন গম সংগ্রহের প্রক্রিয়া চলছে। এতে খাদ্যশস্যের মজুদ নিরাপদ পর্যায়ে থাকবে।"
আগামীতে কাজের বিনিময়ে খাদ্য, টিআর, জিআর ও ভিজিএফ কর্মসূচিতে গম দেওয়া হবে। এতে চালের ওপর চাপ অনেকটা কমে আসবে বলে মন্ত্রী মনে করেন।
তিনি আরো জানান, বাজার সহনশীল রাখতে এবং নিু আয়ের মানুষকে সহায়তা করতে প্রয়োজনে সরকার ওএমএস কার্যক্রম শুরু করবে।
এরআগে খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, কৃষি সচিব সি কিউ কে মুশতাক আহমেদ, ভারপ্রাপ্ত খাদ্য সচিব বরুণ দেব মিত্রসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/এইচএ/১৯৫৭ ঘ.
bdnews24