রাজশাহী, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হত্যা মামলায় জামায়াতে ইসলামীর আমিরসহ তিন নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার দুপুরে ফারুক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা রাজশাহী মহানগর হাকিম আদালতে জামায়াত নেতাদের এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
শুনানি শেষে বিচারক আমিরুল ইসলাম তা মঞ্জুর করেন।
এ ব্যাপারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালত পরিদর্শক দেবেন্দ্রনাথ দাস।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় মঙ্গলবার দলটির আমির মতিউর রহমান নিজামী, সেক্রোটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়।
ফারুক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা সাংবাদিকদের বলেন, "তিন জামায়াত নেতাকে রাজশাহীতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।"
গত ৮ ফেব্রয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগ ও জামায়াতের সহযোগী সংগঠন শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মারা যান ছাত্রলীগকর্মী ফারুক হোসেন।
পুলিশ বলেছে, শিবিরের হামলায় মারা গেছেন ফারুক।
এছাড়া রাবির বিভিন্ন হলে শিবির হামলায় পুলিশসহ অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়।
এসব ঘটনায় মতিহার থানায় একটি হত্যাসহ ১৪টি মামলা হয়। এর ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল শাখার সভাপতি রাইজুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি বলেন, জামায়াতের শীর্ষ নেতাদের নির্দেশেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির হামলা চালায়।
পুলিশ রাইজুলের স্বীকারোক্তি অনুযায়ি মামলায় জড়িত থাকার অভিযোগে জামায়াতের শীর্ষ এ তিন নেতাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১৩৬ ঘ.
bdnews24