২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পেলেও আরেক মামলায় গ্রেপ্তার শমসের মবিন

একটি মামলায় জামিন পেলেও বিএনপির কারাবন্দি নেতা শমসের মবিন চৌধুরীকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 03:38 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি মামলায় জামিন পেলেও বিএনপির কারাবন্দি নেতা শমসের মবিন চৌধুরীকে আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হরতালের সময় রমনা থানা এলাকায় একটি গাড়িতে অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। থানার ওসি শিবলী নোমান বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''একটি গাড়িতে আগুন দেওয়ার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বর্তমানে কারাগারে আছেন।'' এদিকে ২৭ জুনের হরতালের সময় আটক স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপু জামিনে রাতে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। একদিনের রিমান্ড শেষে বিএনপির সহসভাপতি ও সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরীকে বুধবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম রাশেদ কবিরের আদালতে হাজির করা হলে আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত শমসের মবিনসহ সাতজনকে জামিন দেন। জামিন পাওয়া অন্যরা হলেন- মোস্তফা আহমেদ, ইয়াহিয়া, বাবুল, সুলতান মাহমুদ, মতিয়ার রহমান ও কামাল। গত ২৭ জুন প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতাল কর্মসূচি পালনের সময় রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেট এলাকা থেকে এই সাতজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই গুলশান থানায় তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ, পুলিশকে হত্যার চেষ্টা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এইচএ/২১৩০ ঘ.