মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর স্থাপনের জন্য 'গভীর সমুদ্র বন্দর কর্তৃপক্ষ গঠন' আইনের খসড়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে নৌ-পরিবহণ মন্ত্রণালয়।
খসড়া আইনে গভীর সমুদ্রবন্দর স্থাপন এবং এর নির্মাণ কাজ তদারকিসহ সার্বিক দায়িত্ব দেওয়া হচ্ছে এই কর্তৃপক্ষকে।
একই সঙ্গে গভীর সমুদ্রবন্দর নির্মাণ কাজের পরামর্শক নিয়োগের দরপত্র আহ্বানের প্রস্তুতিও নিচ্ছে মন্ত্রণালয়।
নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বাণিজ্যিক) আব্দুল কুদ্দুছ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইনটির খসড়া প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি এ খসড়া আইনটি প্রণয়ন করেছে। মন্ত্রণালয় বর্তমানে এর বিভিন্ন দিক খতিয়ে দেখছে।"
"আগামী ৬ জুলাই নৌ-পরিবহণ মন্ত্রণালয়ে এক আন্ত:মন্ত্রণালয় সভায় এটি চূড়ান্ত করা হবে। এরপর মন্ত্রিসভার অনুমোদনের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
তিনি জানান, চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষের আঙ্গিকেই নতুন আইনটি করা হচ্ছে।
এছাড়া নৌ-পরিবহণ মন্ত্রণালয় শিগগিরি গভীর সমুদ্রবন্দর স্থাপনের বিস্তারিত নকশা (ডিটেইল্ড ডিজাইন) প্রণয়নে পরামর্শক নিয়োগের দরপত্র আহ্বান করতে যাচ্ছে। ইতোমধ্যেই এ কাজে অনেক দূর এগিয়ে গেছে। আইনটি পাসের পাশাপাশি, পরামর্শক নিয়োগের কাজও দ্রুত শেষ করা হবে বলে জানান আব্দুল কুদ্দুছ।
মন্ত্রণালয়ের দায়িত্বশীল অন্য একজন কর্মকর্তা জানান, পরামর্শক নিয়োগের দরপত্রে শুধুমাত্র সম্ভাব্যতা যাচাইয়ের বিষয় নয়, পুরো কাজের নকশা প্রণয়নের শর্তও জুড়ে দেওয়া হবে। সেক্ষেত্রে যতটা দ্রুত সম্ভব গভীর সমুদ্রবন্দর স্থাপনের কাজ শুরু করা যাবে।
নৌ-পরিবহণ মন্ত্রণালয় থেকে জানা যায়, চট্টগ্রামের মহেশখালীর সোনাদিয়া দ্বীপে দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
তিন পর্বে এ বন্দর স্থাপনে প্রায় ৬০ হাজার কোটি ব্যয় হবে বলে প্রাথমিকভাবে ধরা হয়েছে। তবে ভবিষ্যতে প্রকল্প ব্যয় আরো বাড়তে পারে।
প্রাথমিকভাবে প্রকল্পটি বাস্তবায়নে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং চীন সরকার আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২০ সালের মধ্যে সোনাদিয়ায় গভীর সমুদ্রবন্দর নির্মাণের প্রথম পর্ব শেষ করার লক্ষ্য ধরা হয়েছে। এজন্য ব্যয় হবে প্রায় ১৩ হাজার কোটি টাকা। এতে পাঁচটি আন্তর্জাতিক মানের সাধারণ জেটি নির্মিত হবে। জেটিগুলোর মাধ্যমে বছরে সাত কোটি ৪১ লাখ টন কন্টেইনার ওঠা-নামার কাজ করা সম্ভব হবে।
পরবর্তীতে ২০৩৫ সালের মধ্যে দ্বিতীয় পর্যায়ের কাজ এবং ২০৫৫ সালের মধ্যে তৃতীয় পর্যায়ের কাজ শেষ করা হবে।
দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ করতে ব্যয় হবে আরো ২৬ হাজার কোটি টাকা। বাকী টাকা ব্যয় হবে তৃতীয় পর্যায়ের কাজে।
তৃতীয় পর্যায়ের কাজ শেষ হলে বছরে প্রায় ৩২ কোটি ৫২ লাখ টন কন্টেইনার ওঠানামা সম্ভব হবে।
নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা আরো জানিয়েছেন, গভীর সমুদ্রবন্দরের সঙ্গে উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে ৪০ কিলোমিটার সড়ক নির্মাণ এবং ৪০ কিলোমিটার রেললাইন স্থাপন করা হবে। যা চট্টগ্রামের মূল নেটওয়ার্কের সঙ্গে এ বন্দরকে যুক্ত করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/২০২২ঘ.
bdnews24