দিনাজপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার পর বিক্ষোভের জের ধরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
আগামী ৮ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রছাত্রীদের হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিকালে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ করার প্রতিবাদে একদল ছাত্রছাত্রী বিকাল পাঁচটার পর ভিসি, প্রক্টর, রেজিস্ট্রার, ডিনকে প্রশাসনিক ভবন আটকে রাখে এবং ক্যাম্পাসে মিছিল করে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সন্ধ্যায় মোবাইল ফোনে জানিয়েছেন রেজিস্ট্রার রফিকুল ইসলাম।
শৃংখলা ভঙ্গের দায়ে কর্তৃপক্ষ গত ২৪ জুন এক সভায় বিশ্ববিদ্যালয়ের নয়জন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, একছাত্রকে জরিমানা এবং পাঁচ ছাত্রের সাধারণ বৃত্তি ও ভবিষ্যতে ওই বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় ভর্তির সুযোগ বাতিল করে।
এ শাস্তি প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ছাত্ররা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও অবস্থান ধর্মঘট করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/২৩০০ ঘ.
bdnews24