২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ড কাউন্সিলর কাদের গ্রেপ্তারের পর মুক্ত

রাজধানীর শেওড়াপাড়ায় তৈরি পোশাক শ্রমিকদের মারধরের ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল কাদেরকে গ্রেপ্তারের পর রাতেই আবার ছেড়ে দিয়েছে র‌্যাব। তবে একই সঙ্গে গ্রেপ্তার হওয়া তার দুই ছেলে এখনো মুক্তি পায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 01:00 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেওড়াপাড়ায় তৈরি পোশাক শ্রমিকদের মারধরের ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল কাদেরকে গ্রেপ্তারের পর রাতেই আবার ছেড়ে দিয়েছে র‌্যাব। তবে একই সঙ্গে গ্রেপ্তার হওয়া তার দুই ছেলে এখনো মুক্তি পায়নি। মঙ্গলবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়। কাফরুল থানার ওসি মো. দোলোয়ার আহমেদ জানান, বিকাল সাড়ে ৩টার দিকে শেওড়াপাড়ার আউটরাইট ফ্যাশন ও আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা রোকেয়া স্মরণীর একটি অংশে অবরোধ সৃষ্টি করে। এ সময় মিরপুর থেকে ফার্মগেটগামী সড়কে যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। শ্রমিকরা অভিযোগ করে আউটরাইট ফ্যাশন কারখানার কর্তৃপক্ষ তাদের এক সহকর্মীকে মারধর করেছে । ওসি জানান, পৌনে ৫টার দিকে শ্রমিকরা এ আর ফ্যাশন গার্মেন্টস এ হামলা চালায়। এসময় তারা আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানও ভাংচুর করে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসস্ট্যান্ড সংলগ্ন আশ্রাফ আলী মার্কেটে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করে। এ ঘটনায় মার্কেটের মালিক মিরপুর ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কাদেরের ছেলেরা শ্রমিকদের ধাওয়া করে। এ সময় তারা দুই শ্রমিককে মারধর করলে শ্রমিকরা আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে। শ্রমিকদের শান্ত করতে র‌্যাব সদস্যরা আবদুল কাদের, তার দুই ছেলে রফিক ও শফিককে আটক করে। এরপর থেকে পরিস্থিতি শান্ত হয়ে আসতে শুরু করে। ওসি দোলোয়ার আহমেদ জানান, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সোয়া ৫টার দিকে তারা রাস্তা ছেড়ে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআর/এলএইচ/এসআইটি/এমএইচসি/জেবি ২০৪২ ঘ.