২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বন্যা

উজান থেকে নামা ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামে বন্যা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 04:12 PM

Updated : 25 Aug 2022, 12:56 PM

কুড়িগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নামা ঢল ও টানা বর্ষণে কুড়িগ্রামে বন্যা দেখা দিয়েছে। ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ জেলার সব নদ-নদীর পানি বিপদ সীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। এক লাখের বেশি মানুষ পানিবন্দি হয়েছে। বিভিন্ন এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। সোমবার জেলা প্রশাসন ত্রাণ সহায়তা চেয়ে মন্ত্রণালয়ে জরুরি বার্তা পাঠিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রৌমারী উপজেলা সদরের ১০টি গ্রামে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বহ রাস্তাঘাট ডুবে গেছে। ধরলা নদীর ভাঙনে ভোগডাঙ্গা ইউনিয়নের একটি খামার ও বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ইউনিয়নের জগমোহনের চরের ৩২টি বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া বড়াইবাড়ী, কাইম বড়াইবাড়ী ও জগমোহনের চর গ্রামে ১০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। ভিতরবন্দ ওয়াপদা এলাকায় ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ায় ১৩টি পরিবার বাঁধে আশ্রয় নিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ২৪ ঘণ্টায় ধরলা ফেরিঘাট পয়েন্টে ৮৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র চিলমারী পয়েন্টে ৪৫ সেন্টিমিটার, তিস্তার কাউনিয়া পয়েন্টে ১১ সেন্টিমিটার এবং দুধকুমর নুনখাওয়া পয়েন্টে ৯৩ সেন্টিমিটার পানি বেড়েছে। সোমবার ধরলা অববাহিকায় ৬২ মিলিমিটার, ব্রহ্মপুত্র অববাহিকায় ১৭০ দশমিক ৫ মিলিমিটার, তিস্তা অববাহিকায় ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। রৌমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন জানান, গোয়ালগ্রাম, পূর্ব গোয়ালগ্রাম, সাত ইজামারী, কড়াইকান্দি, ঝাউমারী, চুলিয়ারচর, বারবান্দা, কলাবাড়ীগ্রাম ও যাদুরচর ইউনিয়নের খেয়ারচর, আলগারচর, বকবান্দা, লালকুড়া ও যাদুরচর প্লাবিত হয়েছে। এসব এলাকায় ১৫ হাজার পরিবার পানিবন্দি হয়েছে। রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের জানান, সোনাভরি নদীর তীব্র স্রোতে রাজীবপুর শহররক্ষা বাঁধে বিভিন্ন এলাকায় ৫০-৬০ গজ ব্লক ধসে পড়েছে। ভাঙন অব্যাহত থাকলে শহর রক্ষা করা কঠিন হয়ে পড়বে। এছাড়া মদনের চর এলাকার ২৫-৩০টি পরিবারের ঘড়বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলেও তিনি জানান। পানি উন্নয়ন বোর্ড়ের নির্বাহী প্রকৌশলী জানান, রাজীবপুর শহররক্ষা বাঁধে ভাঙন রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক হাবিবুর রহমান ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, "বন্যার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। আমি সকালে সদরের ভোগডাঙ্গা এবং নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া এলাকার নদী ভাঙন দেখেছি। "বন্যা কবলিত মানুষের জন্য ২৪ লাখ টাকা ও ৪০ মেট্রিক চাল বরাদ্দ চেয়ে ঢাকায় বার্তা পাঠিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৯ ঘ.