ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের কাজের গুণগত পরিবর্তনের জন্য কর্মকর্তাদের পুরোনো গোপনীয় প্রতিবেদন মূল্যায়ন করতে হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
কর্মকর্তাদের মূল্যায়নের জন্য সরকারের একটি ঘোষিত পরিকল্পনারও দাবি জানান তিনি।
সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সাজেদা চৌধুরী এসব কথা বলেন।
সংসদ উপনেতা বলেন, সচিবালয়ের চার দেয়ালের ভেতর ও মন্ত্রণালয়ে যারা আছে, তারা এক ভবন থেকে আরেক ভবনে যায়। কিন্তু গুণগত কোনো পরিবর্তন হয় না।
জনপ্রশাসনের সংস্কারে বাজেট বক্তৃতায় ভাল কাজের জন্য পুরস্কার আর খারাপ কাজের জন্য সাজার কথা বলা হয়নি বলে মন্তব্য করেন তিনি।
সাজেদা বলেন, "সংস্কার ও পরিবর্তনের জন্য দক্ষ, সৎ ও দেশপ্রেমিক কর্মকর্তাদের মুল্যায়ন করার জন্য সরকারের ঘোষিত পরিকল্পনা থাকতে হবে। কর্মকর্তাদের বহু বছরের গোপনীয় প্রতিবেদনকে মুল্যায়ন করতে হবে।"
আওয়ামী লীগের অন্যতম এই নীতি নির্ধারক জানান, সরকার যে প্রতিশ্র"তি দিয়ে ক্ষমতায় এসেছে তার থেকে এক চুলও নড়বে না তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেবি
bdnews24