গাইবান্ধা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নামা পানি ও গত তিনদিনের অবিরাম বর্ষণে জেলার তিস্তা, ঘাঘট, করতোয়া, ব্রহ্মপুত্র, যমুনাসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে ব্যাপক নদী ভাঙন শুরু হয়েছে।
এছাড়া গাইবান্ধা সদর, সাঘাটা, সাদুল্লাপুর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে।
এসব উপজেলার পাঁচ হাজার হেক্টর জমির পাট ও সবজি ক্ষেত ডুবে গেছে বলে জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তর জানিয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোশারফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি ২৫ সেন্টিমিটার বেড়েছে। তবে সব নদীর পানি এখনো বিপদসীমার নিচে আছে।
নদী ভাঙনে গত তিনদিনে সাঘাটার হাসিলকান্দি, চিনিরপটল, চকপাড়া, মুন্সিরহাট ও হলদিয়া, ফুলছড়ির জামিরা, টেংরাকান্দি, গাবগাছি, এরেন্ডাবাড়ি এবং সদর উপজেলার মোল্লারচর ও খারজানি গ্রামের দুই শতাধিক ঘড়বাড়ি ও ৬০ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
সাঘাটা উপজেলার হাসিলকান্দি পয়েন্টে ভাঙন পরিস্থিতি ভয়াবহ। উপজেলা সদর রক্ষার জন্য নদীর তীরে বালির বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.
bdnews24