২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার কমিশন থেকে অধ্যাপক মোল্লা বাদ

সদ্য নিয়োগ পাওয়া জাতীয় মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মোল্লাকে বাদ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 01:46 PM

Updated : 25 Aug 2022, 12:53 PM

ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য নিয়োগ পাওয়া জাতীয় মানবাধিকার কমিশনের অবৈতনিক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মোল্লাকে বাদ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকা নিরূপা দেওয়ান। রোববার আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। তবে কেন গিয়াসউদ্দিন মোল্লাকে বাদ দেওয়া হয়েছে সে বিষয়ে কিছুই বলা হয়নি। অবশ্য গিয়াসউদ্দিন মোল্লাকে কমিশনের সদস্য নিয়োগ দেওয়ার পর তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর কথিত যৌন হয়রানির অভিযোগ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। গত বছরের ১৯ ডিসেম্বর অধ্যাপক মোল্লার বিরুদ্ধে একজন ছাত্রী যৌন হয়রানির অভিযোগ আনার পর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সব ধরনের কর্মকান্ড থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। তিনি অবশ্য ওই সময় তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। দীর্ঘদিন পরেও তদন্ত কমিটি রিপোর্ট না দেওয়ায় তিনি কাজে যোগদানের আদেশ চেয়ে হাইকোর্টে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অধ্যাপক মোল্লাকে স্বপদে বহালের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। পরে তাকে স্বপদে বহাল করা হয়। গত ২২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করে একজন সার্বক্ষণিক সদস্য ও পাঁচজন অবৈতনিক সদস্য নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। এরা হলেন, অবসরপ্রাপ্ত সচিব এবং লিগ্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কাজী রিয়াজুল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মোল্লা, প্রিপ ট্রাষ্টের নির্বাহী পরিচালক আরমা দত্ত, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিরু কুমার চাকমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/১৯৩৪ ঘ.