বান্দরবান, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে রোববার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সর্বাত্মকভাবে পালিত হচ্ছে।
সকাল ৮ টার দিকে পিকেটিং এর অভিযোগে শহরের বালাঘাটা বাজার থেকে ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি জসিম উদ্দিন ও যুবদল কর্মী মো. রুবেলকে পুলিশ গ্রেফতার করে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ জানিয়েছেন, কোনো কারণ ছাড়াই পুলিশ শহরের বালাঘাটা থেকে যুবদলের দুই কর্মীকে গ্রেফতার করেছে। তিনি অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন।
রোববার সকাল থেকেই হরতালের সমর্থনে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অংগসংগঠনের নেতা-কর্মীরা রাজপথে অবস্থান নিয়ে পিকেটিং ও হরতালের সমর্থনে মিছিল করে। বিএনপির কেন্দ্রীয় উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং, জেলা বিএনপির সভাপতি সাচিংপ্র" জেরী, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ, যুবদল সভাপতি মশিউর রহমান লিটনসহ ছাত্রদলের নেতৃবৃন্দ রাস্তায় মিছিল করে।
শহরের দোকানপাট বন্ধ রয়েছে। যানবাহন এমনকি রিকশা পর্যন্ত চলাচল করতে দেখা যায়নি। তবে শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাংক খোলা থাকতে দেখা গেছে।
অন্যদিকে রুমা উপজেলা থেকে স্থানীয় সাংবাদিক শৈহ্লাচিং মারমা জানিয়েছেন, উপজেলা সদরে দোকানপাট খোলা রয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলার স্থানীয় সাংবাদিক সৈয়দ তৈয়ব উল্ল্যাহ জানিয়েছেন, কোনো যানবাহন চলাচল করছেনা। লামা উপজেলা থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামালুদ্দিন জানিয়েছেন সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪২৪ ঘ.
bdnews24