রাজশাহী, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে সকাল থেকে শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। হরতালের সমর্থনে সকাল থেকে মিছিল করছে বিরোধী দলের নেতাকর্মীরা।
নগরীতে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সকালে রাজশাহী থেকে বিভিন্ন রুটে ট্রেন ছেড়ে গেছে।
সকাল ৯টা ৫০ মিনিটের দিকে নগরীর গোরহাঙ্গা মোড়ে নগর যুবদলের সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে অবস্থান নেয় হরতাল সমর্থকরা।
একপর্যায়ে তারা নওগাঁগামী একটি মিনিবাসে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। হরতাল সমর্থকরা একটি রিক্সা ভাংচুরের চেষ্টা করলে তাদের সাথে পুলিশের ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। বোয়ালিয়া মডেল থানা পুলিশ এসময় য্বুদলের কর্মী মেরাজ এবং রেজাউল করিমকে আটক করে।
নগরীর প্রবেশদ্বার এই পয়েন্টে মহানগর পুলিশের উপ-কমিশনার সাজ্জাদ হোসেন, সহকারি কমিশনার হুমায়ুন কবির এবং বোয়ালিয়া মডেল থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন দু'জন পিকেটারকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে হরতালের সমর্থনে সকাল থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে হরতাল সমর্থকরা মিছিল করেছে। বিএনপির যুগ্ম-মহাসচিব ও মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর নেতৃত্বে সাহেব বাজার জিরো পয়েন্টে মিছিল করেছে হরতাল সমর্থকরা। এছাড়া নগরীর লক্ষ্মীপুর মোড়, সোনাদিঘী মোড়, তালাইমারী মোড়ে মিছিল হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী কাজলা ও বিনোদপুর এলাকায় মতিহার থানা বিএনপি এবং রাবি ছাত্রদল মিছিল করেছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় খোলা থাকলেও ক্লাস হচ্ছে না। রাবি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), মেডিকেল কলেজ এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বাস চলাচল বন্ধ রয়েছে।
গোরহাঙ্গা মোড় এলাকায় মহানগর পুলিশের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাবিসহ নগরীতে আট শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ এ্যাকশনে যাবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৪০ ঘ.
bdnews24