ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০১০ এর ভোটগ্রহণ চলছে।
সারাদেশে একযোগে শনিবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। একটানা বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিল গঠনের লক্ষ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
দেশে এই প্রথম মুক্তিযোদ্ধাদের সরাসরি ভোটে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন হচ্ছে। গত ১৩ এপ্রিল এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এর আগে ২০০১ সালে সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদের জন্য ৬টি প্যানেলে ২১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া কয়েকজন স্বতন্ত্র এবং আংশিক প্যানেলেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজকে প্রধান করে পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি উপজেলায় একটি করে ভোট কেন্দ্র রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভোট গ্রহণের কাজ তদারকি করছেন। জেলা প্রশাসক জেলার সমন্বয় করছেন।
প্রত্যেক ভোটার কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ৪১টি পদ, জেলা কমান্ডের ১৭টি পদ এবং উপজেলা কমান্ডের ১১টি পদের বিপরীতে ভোট দিচ্ছেন।
তবে মহানগরীর ভোটাররা শুধু কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এবং জেলা কমান্ড নির্বাচনে ভোট দিতে পারছেন।
ঢাকা মহানগরীর জন্য পুরান ঢাকার মুসলিম হাই স্কুল, শুক্রবাদের নিউমডেল হাইস্কুল এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভোট নেওয়া হচ্ছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঢাকা মহানগরীর তিনটি কেন্দ্রসহ সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে কেন্দ্রীয় জেলা ও উপজেলা কমান্ড কাউন্সিল নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন।
এ নির্বাচনে সারাদেশে প্রায় ১ লাখ ৬৩ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন বলেও তিনি জানান।
সরেজমিন নিউমডেল হাইস্কুল কেন্দ্রে গিয়ে দেখা যায়, বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা ভোট দিতে কেন্দ্রে আসছে। দুপুর ১২টা পর্যন্ত ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে প্রার্থীদের কর্মী ও সর্মথকদের পদচারণায় কেন্দ্র উৎসবমুখর দেখা যায়।
সবুজবাগ থানার পশ্চিম মাদারটেক এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা (৭৪) ভোট দেওয়ার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথমবারের মতো সংসদ গঠনের জন্য ভোট হচ্ছে। মুক্তিযোদ্ধাদের জন্য এটির আনন্দের বিষয়। তাই ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ভোট দিতে এসেছি।"
সুষ্ঠুভাবে ভোট হচ্ছে এ মন্তব্য করে তিনি বলেন, "আমাদের পরিবারে ৮ জন মুক্তিযোদ্ধা রয়েছে; অসুস্থতার কারণে একজন বাদে বাকি সবাই ভোট দিতে এসেছে।"
নিউমডেল কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা ঢাকা জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ কেন্দ্রে ১২টি ভোট কক্ষে ভোট নেওয়া হচ্ছে। এর মধ্যে স্কুলের নিচতলায় যুদ্ধাহত ও প্রতিবন্ধী ভোটারদের জন্য একটি ভোট কেন্দ্র রয়েছে।"
ঢাকা মহানগরীর মধ্যে এ কেন্দ্রে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি জানিয়ে তিনি বলেন, "নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে। ভোটাররা আগ্রহ নিয়ে কেন্দ্রে ভোট দিতে আসছে।"
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সোলায়মান মিয়া (৭৫) ভোট দিতে এসে বলেন, "দেশের স্বার্থের জন্য ভোট দিতে এসেছি। আক্ষেপ করে বলেন, অনেক রাজাকারও মুক্তিযোদ্ধার সনদ নিয়েছে এর দায় কে নেবে?"
নির্বাচন কমিশনার মন্ত্রিপরিষদ সচিব আব্দুল আজিজ এ কেন্দ্রে পরিদর্শনে এসে বলেন, "সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। সব কেন্দ্রেই নির্বিঘে
bdnews24