২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আদাবরে শিশু হত্যার ঘটনায় মা গ্রেপ্তার

রাজধানীর আদাবরে শিশু হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ শিশুর মা আয়শা হুমায়রাকে গ্রেপ্তার করেছে। স্বামী কে এম আজিমের দায়ের করা মামলায় পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 02:24 PM

Updated : 25 Aug 2022, 12:43 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে শিশু হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ শিশুর মা আয়শা হুমায়রাকে গ্রেপ্তার করেছে। স্বামী কে এম আজিমের দায়ের করা মামলায় পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মোল্লা আয়শাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পরকীয়া সম্পর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। পুলিশ আয়শার প্রেমিক সামসুজ্জামান আরিফকে খুঁজছে। আদাবর থানার উপপুলিশ পরিদর্শক আজহারুল ইসলাম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯ জুন রাতে সিডি প্লেয়ার সারানোর মিস্ত্রি পরিচয় দিয়ে আয়শা যাকে বাসায় কৌশলে নিয়ে যান তার পুরো নাম সামুজ্জামান আরিফ। তিনি আসলে সিডি সারানোর মিস্ত্রি নন। আরিফের পরিবারের সঙ্গে তাদের সর্ম্পক অনেকদিনের। আয়শারা আগে যে বাসায় ছিল তার পাশের ফ্লাটে আরিফ-সাথী দম্পতি থাকতো। এই দুই পরিবারের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠে। পরে আয়শার স্বামীর কাছ থেকে আরিফ ১০ লাখ টাকা ঋণও নেয়। সে ঋণ এখনও শোধ হয়নি। এই সম্পর্কের সূত্রে আরিফ এবং আয়শার মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। তাদের মধ্যে এই সম্পর্কের বিষয়টি আয়শার স্বামী জানতেন না। ঋণের অর্থ পরিশোধ না করার কারণে আয়শার স্বামীর সঙ্গে আরিফের পরিবারের সম্পর্ক ভাল যাচ্ছিল না বলে জানান পুলিশ কর্মকর্তা। আজহারুল ইসলাম জানান, আয়শা পুলিশের কাছে স্বীকার করেছেন, ১৯ জুন রাতে আরিফ তার কক্ষে ছিল। সেই রাতে এবং পরের দিন আরিফের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটান তিনি। ১৯ জুন রাত ১১টায় যখন স্বামী বাসায় আসেন তখন আরিফকে ছাদে পাঠিয়ে দেওয়া হয়। রাতের খাবার শেষে স্বামী তার কক্ষে চলে গেলে আরিফকে আবার কক্ষে নিয়ে আসেন আয়শা। একই ভাবে ভোরে আরিফকে ছাদে পাঠিয়ে দেওয়া হয়। স্বামী কে এম আজিম সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়লে আরিফ আবার তার কক্ষে ঢুকে এবং ২০ জুন সারাদিন তার বাসায় ছিল বলে আয়শা জানিয়েছেন। আয়শা পুলিশকে আরো জানান, আরিফের সঙ্গে অন্তরঙ্গ মেলামেশার সময় সামীউল ঘুমিয়েছিল বলে তারা ভেবেছেন। তবে সামীউল দেখেও থাকতে পারে এমন আশংকা তার ছিল। আয়শা পুলিশকে বলেছেন, "একারণে সামীউলকে মেরে ফেলা হবে এটা কখনই ভাবিনি।" রাজধানীর আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি প্লট থেকে বৃহস্পতিবার সকালে ছয় বছরের এক শিশুর লাশ উদ্ধার হয়। নিহত সামীউল আজিমের বাবার নাম কে এম আজিম। তার বাসা নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির পাঁচতলায়। স্থানীয় একটি স্কুলের নার্সারির ছাত্র ছিলো আয়শা হুমায়রা ও কে এম আজিম দম্পতির একমাত্র সন্তান সামীউল। জিজ্ঞাসাবাদের জন্য দুপুর আড়াইটার দিকে আজিম-হুমায়রা দম্পতিকে আদাবর থানায় নিয়ে যাওয়া হয়। সামীউলের লাশটি উদ্ধার করার সময় তার মাথা একটি বস্তার ভেতরে ঢোকানো এবং পা বাইরের দিকে ছিলো বলে জানান আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) ছবিরউদ্দিন শিকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, সামীউলদের বাসার ২০০ গজ দূরে একটি খালি প্লট থেকে সকাল সাড়ে ৯টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। এস আই ছবিরউদ্দিন জানান, গত ২২ জুন বিকালে বাসার সামনে খেলার সময় সামীউল নিখোঁজ হয়। এরপর তার বাবা ব্যবসায়ী আজিম এ ব্যাপারে থানায় একটি অভিযোগ জানিয়েছিলেন। সামীউলের মুখে রক্তের দাগ রয়েছে উল্লেখ করে তিনি জানান, তার মৃত্যুর কারণ উদঘাটনে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছয়তলা ওই বাড়ির দারোয়ান বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১৯ জুন রাত ১০টার দিকে সামীউলের মা হুমায়রা খুব কৌশলে আরিফ নামের একটি ছেলেকে বাসায় নিয়ে যান। ছেলেটি ২০ জুন রাত পৌনে ৮টার দিকে বাসা থেকে বেরিয়ে যাচ্ছিলো। তখন তাকে আটক করা হয়। এরপর সামিউলের মা তাকে সিডি সারানোর মিস্ত্রি পরিচয়ে ছাড়িয়ে দেন। কী কৌশল নিয়েছিলেন হুমায়রা