২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীর বালিগাঁওয়ে ১৪৪ ধারা জারি

একই সময়ে একই স্থানে সরকার সমর্থকরা এবং স্থানীয় একটি সংগঠন সমাবেশ ডাকায় ফেনী সদর উপজেলার বালিগাঁও এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 11:52 AM

Updated : 25 Aug 2022, 12:44 PM

ফেনী, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একই সময়ে একই স্থানে সরকার সমর্থকরা এবং স্থানীয় একটি সংগঠন সমাবেশ ডাকায় ফেনী সদর উপজেলার বালিগাঁও এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার সকাল থেকে পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ফেনী থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ারুল আজিম জানান, সংঘাত এড়াতে প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। পুলিশ ঈদগাহ মাঠে অবস্থান নিয়েছে বলে তিনি জানান। স্থানীয়রা জানান, সুন্দরপুর ঈদগাহ মাঠে সকালে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে হরতাল বিরোধী সমাবেশ আহ্বান করা হয়। এর আগে একই সময় সেখানে বালিগাঁও ইউনিয়ন ছাত্রকল্যান পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনার কর্মসূচি দেয়। ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি নুর উল্লাহ কায়সার সাংবাদিকদের জানান, সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকার কথা ছিলো সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল সভাপতি ফরিদ উদ্দিন, ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান ও সহ সভাপতি কোব্বাদ আহমদের। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানের মঞ্চ তৈরির পর দুপুরের দিকে একদল যুবক মঞ্চটি ভাংচুর করে বলে তিনি অভিযোগ করেন। ফেনী সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক করিম উল্লাহ আজাদ জানান, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে হরতাল বিরোধী সমাবেশ ডাকা হয়েছিল ঈদগাহ মাঠে। এ ব্যাপারে তিনি আর কিছু বলতে চাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৪৯ ঘ.