বাংঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসুস্থ স্বামীকে 'মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে মৃত্যুর মুখে' ঠেলে দেওয়ার অভিযোগ করেছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহছানুল হক মিলনের স্ত্রী নাজমুন নাহার বেবী।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করেন তিনি। বেবী বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি ।
তিনি বলেন, "তার অসুস্থ স্বামীকে গত রোববার কুমিল্লা কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।"
বেবী অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ সিট বা কেবিন খালি না থাকার অজুহাতে মিলনকে আবার কারাগারে ফেরত পাঠায়। গত চারদিন ধরে সরকারি নথিপত্রে মিলন হাসপাতালে ভর্তি রয়েছেন বলা হলেও বাস্তবে তিনি কারাগারে আছেন এবং চিকিৎসা পাচ্ছেন না। পরিকল্পিতভাবে মিলনের জীবন বিপন্ন করার জন্য সব মামলা থেকে জামিন পাওয়ার পরও তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
এভাবে সরকার ধীরে ধীরে মিলনকে 'মৃত্যুর মুখে' ঠেলে দিচ্ছে বলে আশঙ্কা করছেন তার স্ত্রী।
নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগও তাকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বেবী।
এছাড়া মঙ্গলবার এবং বুধবার চাঁদপুরে মিলনের গ্রামের বাড়িতে সন্ত্রাসীরা হামলা ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করা হয়। গত নির্বাচনের পরও এ ধরনের হামলা ও লুটপাট হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ পরিস্থিতিতে অবিলম্বে মিলনের মুক্তি ও গ্রামের বাড়িতে হামলাকীদের শাস্তির দাবি জানান বেবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/২৩৩০ ঘ.
bdnews24