াকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন এখন সাধারণ মানুষের কাছে 'দুর্লভ বস্তু' হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
বুধবার রাজধানীতে এক আলোচনায় তিনি এ কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে সুরঞ্জিত বলেন, "দশ শতাংশ মানুষও আইনের আশ্রয় পাচ্ছে না। এক লাখ টাকার নিচে কোনও উকিল জামিন আবেদনের জন্য আদালতে দাঁড়ান না। এই যদি অবস্থা হয়, তাহলে মানুষ যাবে কার কাছে?"
রাজধানীর ব্র্যাক সেন্টার ইন অডিটরিয়ামে মানুষের জন্য ফাউন্ডেশন 'আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ এবং এর অধীনে প্রণীত নীতিমালা ও প্রবিধানমালা: গবেষণায় প্রাপ্ত ফলাফল' শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক, আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র সমন্বয়ক তৌফিক আল মান্নান, ব্লাষ্টের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন প্রমুখ ।
সুরঞ্জিত বলেন, আইনের ইনসাফ ছাড়া জাতিকে এগিয়ে নেওয়া যাবে না। পুরো বিচার ব্যবস্থাকেই সাধারণ মানুষের দোড়-গোড়ায় নিয়ে যেতে হবে। আইনের সংস্কার না হলে কিছুই হবে না। স্বাধীনতার এত বছর পরও আমরা সংবিধানের চেতনা রক্ষা করতে পারিনি।
এর জবাবে আইনমন্ত্রী বলেন, এরশাদ সরকারের সময় ইউনিয়ন ও থানা পর্যায়ে বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে দক্ষ আইনজীবী, সমৃদ্ধ লাইব্রেরী, আবাসন ব্যবস্থাসহ বিভিন্ন সুবিধা না থাকায় ওই উদ্যোগ ব্যর্থ হয়েছিল।
তিনি আরও বলেন, "বাস্তবতার নিরিখে কথা বলতে হবে। ইচ্ছে থাকলেও সরকারের পক্ষে ইউনিয়ন পর্যায়ে বিচার ব্যবস্থা নিয়ে যাওয়া সম্ভব নয়। এ জন্য অনেক অর্থের প্রয়োজন।"
বিচারে দীর্ঘসূত্রিতার কথা উল্লেখ করে শফিক আহমেদ বলেন, "আদালতে আইনজীবীরা সঠিকভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন না করলে মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লেগে যায়। দ্রুত বিচার শেষ করতে হলে আইনজীবীদেরও সঠিক দায়িত্ব পালন করতে হবে।"
তিনি জানান, যারা হয়রানিমূলক মামলা দায়ের করে, তাদের বিরুদ্ধে আইন করে জরিমানা বা ফি ধার্য্য করার কথা চিন্তাভাবনা করছে সরকার।
অস্বচ্ছল ও দরিদ্র বিচারপ্রার্থীদের আইনগত সহায়তার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সিনেমা হলে স্লাইড প্রদর্শন, পোষ্টার, লিফলেট প্রচারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্ত্রী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২৩০০ ঘ.
bdnews24