ঢাকা জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় শহরের বস্তি এলাকার শিশু ও নারীদের অবস্থা বেশি খারাপ।
বস্তি এলাকায় প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার সর্বোচ্চ এবং এই হার জাতীয় গড়ের ছয়গুণ বেশি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের যৌথ পরিচালনায় 'মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে (এমআইসিএস)-২০০৯' শীর্ষক মহিলা ও শিশু পরিস্থিতি বিষয়ক জাতীয় এক জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়।
বুধবার হোটেল সোনারগাঁওয়ে জরিপ প্রতিবেদন প্রকাশ করা হয়।
জরিপে দেশের সামাজিক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু সাফল্যের কথা তুলে ধরা হয়েছে।
শিশু মৃত্যু হার কমানো, সঠিক সময়ে বুকের দুধ পান করানো শুরু করা, শিক্ষা, বিদ্যালয় উপস্থিতির হার এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতির কথা বলা হয়েছে।
প্রধান অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়, জন্ম নিবন্ধনের কথা। ২০০৬ সালে ৯ দশমিক ৮ শতাংশ নিবন্ধন হারের বিপরীতে বর্তমানে পাঁচ বছরের কম বয়সী শিশুর জন্ম নিবন্ধন হার ৫৩ দশমিক ৬ শতাংশ।
এ ছাড়া বর্তমানে দেশের ৮৫ দশমিক ২ শতাংশ মানুষ আর্সেনিক দুর্ষণমূক্ত পানি পানের সুবিধা ভোগ করে থাকে বলে জরিপে উল্লেখ করা হয়।
জরিপ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এবং ইউনিসেফের আবাসিক প্রতিনিধি ক্যারল ডি রয়।
ক্যারল ডি রয় বলেন, "এই প্রথমবারের মতো ২৩টি প্রধান সামাজিক সূচকের (সোস্যাল ইন্ডিকেটর) মাধ্যমে বাংলাদেশের ৪৮১টি উপজেলার মান নিরূপণ করা হয়েছে।
"এই জরিপে দেখা গেছে শহরের বস্তিগুলোর অবস্থা সাধারণভাবে দরিদ্র গ্রামাঞ্চলের চেয়েও খারাপ।"
মৌলিক প্রয়োজন মেটানোর জন্যে নির্দিষ্ট কর্মসূচি না থাকলে, বঞ্চিত শিশুরা দারিদ্রের দুষ্ট চক্র থেকে কখনোই বের হয়ে আসতে পারবে না বলে মনে করেন ক্যারল ডি রয়।
উন্নয়নের মাত্রা নিরূপণের জন্য ২০১২ এবং ২০১৫ সালে একই ধরনের জরিপ পরিচালনা করা হবে বলে জানান ক্যারল ডি রয়।
পরিকল্পনা মন্ত্রী বলেন, "নির্বাচিত জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্তাব্যক্তিদের জন্য এই জরিপটি গুরুত্বপূর্ণ। এর ফলে সামাজিক উন্নয়নের নানা দিক মূল্যায়ন ও তুলনা করা সহজ হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/এমএসবি/২০০৩ ঘ.
bdnews24