২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা প্রত্যাহারের দাবি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের

সহিংসতাসহ নানা ঘটনায় পোশাক শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং অবিলম্বে আটকদের মুক্তির দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 12:27 PM

Updated : 25 Aug 2022, 12:40 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সহিংসতাসহ নানা ঘটনায় পোশাক শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং অবিলম্বে আটকদের মুক্তির দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। একই সঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যে মজুরি বোর্ড গঠন এবং শ্রমিকের বেতন নূন্যতম পাঁচ হাজার টাকা নির্ধারণসহ ছয় দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি। বুধবার ফেডারেশনের ১৯টি সংগঠনের পক্ষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন। বিজিএমইএ'র সিদ্ধান্তে মঙ্গলবার আশুলিয়ার সব কারখানা বন্ধ করে দেয়ার সমালোচনা করে আমিরুল হক বলেন, "যেখানে কারখানা আছে, শ্রমিক আছে-সেখানে সমস্যা, দাবি-দাওয়া থাকাটাও স্বাভাবিক। কারখানা বন্ধ করে দিলেই সমস্যার সমাধান করা যায় না। বরং কার্যকর পদক্ষেপ নেয়ার মধ্য দিয়ে সমস্যার সমাধান করতে হবে।" তিনি বলেন, "সরকারের হস্তক্ষেপে বুধবার গার্মেন্টস কারখানাগুলো আবারো খুলে দেওয়ায় বিজিএমইএ-কে ধন্যবাদ জানাচ্ছি।" সংবাদ সম্মেলনে কারখানাভিত্তিক ট্রেড ইউনিয়ন গঠনে সব বাধা দূর করা, শ্রম আইন অনুযায়ী সকল কারখানায় 'পার্টিসিপেশন কমিটি' গঠন, ২০০৬ সালের শ্রম আইন সংশোধন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গঠনের প্রস্তাব বাতিলের দাবি জানানো হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বদরুদ্দোজা নিজাম, কামরুল আহসান, আবুল হোসাইন, সিরাজুল ইসলাম রনি প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএএ/এইচএ/১৭১৯ঘ.