ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগসহ তিনদফা দাবিতে আগামী ১ জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে ছাত্রদল।
সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ২৫ ছাত্রদল নেতা-কর্মী আহত হওয়ার ঘটনার প্রতিবাদে ছাত্রদল এই সংবাদ সম্মেলন ডাকে।
সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ও জেলা সদরে বিক্ষোভ, ২৪ জুন মুক্তাঙ্গনে বিক্ষোভ মিছিল-সমাবেশ এবং ২৯ জুন ঢাকা বিশ্ববিদ্যায় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ও ক্যাম্পাসে সক্রিয় অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে মতবিনিময়।
সংবাদ সম্মেলনে আলিম বলেন, পুলিশ ও প্রক্টরের উপস্থিতিতে মধুর কেন্টিনে দিনে দুপুরে ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার ঘটনার দায় স্বীকার করে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রক্টর কে এম সাইফুল ইসলাম খানকে পদত্যাগ করতে হবে। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে এবং ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করতে হবে।
এ সময় ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু জানান, এ ঘটনায় প্রক্টর ও দায়ী ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হায়দার আলী লেনিন, বজলুল করিম চৌধুরী আবেদসহ কেন্দ্রীয়, মহানগর নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
একটি মামলা প্রত্যাহার না করায় ছাত্রলীগ দুপুরে মধুর কেন্টিনে ছাত্রদলের উপর হামলা করে। এতে অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছে। গত ১৮ জানুয়ারি ছাত্রদলের উপর ছাত্রলীগের হামলার ঘটনায় এ মামলাটি দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24