ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীতে হরতাল কর্মসূচি সফল করতে বিরোধীদল বিএনপি সোমবার রাতে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছে।
আগামী ২৭ জুন সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
গ্যাস-বিদ্যুৎ-পানি সঙ্কট নিরসন, টেন্ডারবাজি-দখলবাজি বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী লাঞ্ছনার বিচার, বিচার বিভাগে হস্তক্ষেপ বন্ধ, ভারতের সঙ্গে করা চুক্তি বাতিল, নির্বাচন কমিশনের পদত্যাগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে বিএনপি এই কর্মসূচি দিয়েছে।
রাত ৯টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে মহানগর বিএনপি ও জামায়াতের একাধিক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজধানীতে হরতাল সফল করার বিষয়ে আলোচনা হয়েছে।
তারা জানান, প্রায় এক ঘণ্টা বৈঠক হয়েছে তাদের মধ্যে।
বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও মহানগর আমির রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
গত ১৯ মে পল্টন ময়দান থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হরতালের ডাক দেন।
হরতালসহ সরকারবিরোধী আন্দোলনে সমর্থন নিতে খালেদা জিয়া গত ৫ জুন জামায়াতের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর জামায়াত আন্দোলন কর্মসূচির পক্ষে সমর্থন ঘোষণা করে।
খালেদা জিয়া গত ২৭ মে চারদলীয় জোটভুক্ত ও সমর্থিত দল এবং পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের কর্মসূচি শুরু করেন।
প্রথম দিন তিনি মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট ও আন্দালিব রহমান পার্থর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাদের সঙ্গে বৈঠক করেন।
এরপর খেলাফত মজলিশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টিসহ (এনডিপি) বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে বৈঠক করেন বিরোধীদলীয় নেত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/২৩৪০ ঘ.
bdnews24