দিনাজপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার সময় দিনাজপুরের বীরগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস থেকে সোমবার চারজনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরা হলেন- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার তাপস পাল, ওই অফিসের মোহরার জাহাঙ্গীর আলম, মোহরার সুকুমার রায় ও পিয়ন ফয়জার রহমান।
দুদক রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মাজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৩টার দিকে মমিনুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার সময় দুদকের একটি দল ১৫ হাজার টাকাসহ তাপস পাল ও জাহাঙ্গীর আলমকে আটক করে। পরে আটক করা হয় সুকুমার ও ফয়জারকে।
তাদের বীরগঞ্জ থানায় সোপর্দ করে একটি মামলা করা হয়েছে বলেও দুদক কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১২৩ ঘ.
bdnews24