গাজীপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর হাসপাতালে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ১০টার দিকে টঙ্গীর আবেদা ক্লিনিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাহবুব (৩২) নামের এই ব্যক্তি খুনসহ ৬/৭টি মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।
কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের ১৮ জুন কালীগঞ্জের সাতানীপাড়া এলাকায় চাঁদাবাজি করার সময় মাহবুবকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেয় এলাকাবাসী। ওই চাঁদাবাজির ঘটনায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা হয়।
আহত অবস্থায় তাকে গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় হাসপাতাল থেকে ২৯ জুন সে কৌশলে পালিয়ে যায়।
বিডিনিউজন টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮০৫ ঘ.
bdnews24