২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়ক অবরোধ

ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরির দাবিতে সাভারে পোশাক কারখানার শ্রমিকরা সোমবার বিকাল ৩ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 11:50 AM

Updated : 25 Aug 2022, 12:34 PM

সাভার, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরির দাবিতে সাভারে পোশাক কারখানার শ্রমিকরা সোমবার বিকাল ৩ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ অবরোধ উঠাতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এতে কমপক্ষে ৩০ জন আহত হয়। সোমবার দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার নরসিংহপুরে হা-মীম গ্র"পের কারখানার শ্রমিকরা কর্তৃপক্ষের কাছে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবি জানায়। শ্রমিকরা অভিযোগ করেন, তাদের সঙ্গে অসদাচরণ করে কারখানা কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানায়, এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা কারখানায় ভাংচুর শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ শ্রমিকদের রাস্তা থেকে সরাতে গেলে শ্রমিকরা ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়। সহিংসতার আশঙ্কায় নরসিংহপুর, জামগড়া, নিশ্চিন্তপুর, বেরন ও পল্লী বিদ্যুৎ এলাকার প্রায় তিন শতাধিক শিল্প-কারখানায় ছুটি ঘোষণা করা হয়। ছুটি ঘোষণার পর ওইসব কারখানার শ্রমিকরাও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও নবীনগর-কালিয়াকৈর সড়ক অবরোধ করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি জানান, শ্রমিকরা লাঠি, বাঁশ, কাঠ নিয়ে মহাসড়কে অবস্থান নিয়েছে। বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। ঘটনাস্থল থেকে তিনি জানান, পলাশবাড়িতে স্টাইলিং গ্র"পের শ্রমিকরা কারখানার প্রধান ফটক ও দেয়াল ভেঙে ভেতরে ঢুকে ভাংচুর করেছে। এর আগে সকাল ১০টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গামের্ন্টস লিমিটেডে এর শ্রমিকরাও একই দাবিতে কারখানার ভেতরে ভাংচুর করে ও গেটে তালা লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও র‌্যাব কারখানার মূল ফটকে অবস্থান নেয়। পরে দুপুর ১টার দিকে কারখানা ছুটি ঘোষণা করা হয়। অনন্ত গামের্ন্টসের ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) জাবিউল আলম ফিরোজ বলেন, শ্রমিকদের সঙ্গে বহিরাগতরাও কারখানায় হামলা ও ভাংচুর চালিয়েছে। একই দাবিতে সকাল ৮টার দিকে জামগড়া এলাকার এএম ডিজাইন লিমিটেড ও সেড ফ্যাশন লিমিটেডের শ্রমিকরাও কর্মবিরতি শুরু করে। সকাল ৯টার দিকে এএম ডিজাইন লিমিটেডের শ্রমিকরা কারখানার মূল ফটকে ভেতর থেকে তালা লাগিয়ে পুরো কারখানার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বিশৃঙ্খলার আশঙ্কায় বেলা ১১টার দিকে এএম ডিজাইন লিমিটেড কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষনা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৭৩৯ ঘ.