ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যানকে (ড্যাপ) গেজেট করার জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেছেন, ঢাকার চারপাশের জলাশয় ও কৃষি জমি রক্ষা করতে হবে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না। রাজধানীর সার্বিক উন্নয়নের জন্য ড্যাপকে বাস্তবায়ন করতে হবে।
প্রধানমন্ত্রী সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন।
দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রেস সচিব জানান, গত বছরের ফেব্র"য়ারিতে সংঘঠিত বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত শেষ করতে ১৯৭২ সালের বিডিআর অধ্যাদেশ (সংশোধন) প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
তিনি বলেন, "বিডিআরের বর্তমান আইন অনুযায়ী বিশেষ আদালতের প্রধান হবেন বিডিআরের মহাপরিচালক। কিন্ত তার পক্ষে সারাদেশে স্থাপিত ১০ টি বিশেষ আদালত পরিচালনা এবং বিচার শেষ করা সময়সাপেক্ষ ব্যাপার।"
"তাই বিডিআর বিদ্রোহের বিচার দ্রুত শেষ করতে ১৯৭২ সালের বিডিআর অধ্যাদেশ সংশোধন করা প্রয়োজন ছিল। ওই সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।" বলেন তিনি।
আবুল কালাম আজাদ আরো বলেন, "এই সংশোধনীর ফলে বিডিআর মহাপরিচালক নিজে পরিচালকের পদমর্যাদার নিচে নয়, এমন কর্মকর্তাকে বিশেষ আদালতের প্রধান হিসেবে নিয়োগ দিতে পারবেন। এতে বিচার কাজও দ্রুত শেষ হবে।"
তিনি জানান, প্রস্তাবিত বর্ডার গার্ড অব বাংলাদেশ-এর আইনটি কার্যকর হলে বিডিআরের আইনের আর কোনও প্রয়োজনীয়তা থাকবে না।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের আরও জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রণীত ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এটাকে গেজেট করার জন্য নির্দেশ দিয়ে বলেছেন, ঢাকার চারপাশের জলাশয় ও কৃষি জমি রক্ষা করতে হবে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না। রাজধানীর সার্বিক উন্নয়নের জন্য ড্যাপকে বাস্তবায়ন করতে হবে।
প্রধানমন্ত্রী এই বিষয়ে সব শ্রেণী পেশার মানুষ যাতে অনুধাবন করতে পারেন সে জন্য ওয়েব সাইটে দিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন বলে জানান আবুল কালাম আজাদ।
তিনি জানান, ৭টি মন্ত্রণালয় নিয়ে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। যাতে এ কমিটি বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনা করে যেকোনো সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে পারে।
তিনি জানান, ১৯৯৪ সালের ৪ এপ্রিল করা দু:স্থ ও গরিবদের জন্য বিবাহ রেজিষ্ট্রেশন ফি ৫ টাকা করার যে সিদ্ধান্ত ছিল তা বাতিল করা হয়েছে।
তিনি বলেন, "এখন ১০০ টাকা দিয়ে তাদের বিবাহ রেজিষ্ট্রেশন করতে হবে।"
এছাড়া স্ট্যাটুট অব দি ইন্টারন্যাশনাল রিনিউঅ্যাবল এনার্জি এজেন্সি (আইআরইএনএ)-এর অনুসমর্থনের বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে নবায়ন যোগ্য জ্বালানী ব্যাবহারের জন্য যেসব প্রযুক্তি আসবে বাংলাদেশ তা অল্প টাকায় কিনতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/কেএমএস/১৬৫৮ ঘ.
bdnews24