শেরপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আকস্মিক বন্যায় সেতু ধসে শেরপুরের সঙ্গে সোমবার সকাল থেকে সীমান্তবর্তী উপজেলা নালিতাবাড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে আকস্মিক এ বন্যার সৃষ্ট হয়েছে। এতে নালিতাবাড়ি উপজেলার সন্যাসীর ভিটা নামক স্থানের সেতুটি ধসে পড়েছে। পাশাপাশি চেল্লাখালী নদীর বাঁধের দুটি স্থানে প্রায় তিনশ মিটার ভেঙে গেছে।
জেলা প্রশাসক নাসিরুজ্জামান জানিয়েছেন, চেল্লাখালী, ভোগাই, সুমেশ্বরী, মহারশী, কর্ণজোড়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে।
নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আকস্মিক বন্যায় বিভিন্ন এলাকায় কাঁচা রাস্তা ভেঙে গেছে। এতে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৩৪৮ ঘ.
bdnews24