ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের মহেশপুর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। ঝিনাইদহে গুলিতে আহত হন আরেক বাংলাদেশি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে সোমবার ভোরে বিএসএফের গুলিতে বাহার আলী (৩৫) নামের এক বাংলাদেশি নিহত ও আলতাফ হোসেন নামের অপর একজন আহত হন।
বাহার আলী মহেশপুরের লড়াইঘাট গ্রামের আক্কাস আলীর ছেলে। আলতাফ হোসেন একই গ্রামের বাসিন্দা। তারা উভয়েই গরু ব্যবসায়ী বলে জানিয়েছে বিডিআর।
সোমবার ভোর ৪ টার দিকে ৬০ নং মেইন পিলারের অধীন ১৩৩ নং টিপি পিলারের কাছে কাঁটাতারের বেড়ার পাশে এ ঘটনা ঘটে।
বিডিআর ৩৫ রাইফেল ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাহার আলী ও আলতাফ হোসেন গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় সীমান্তের জিরো লাইনের ওপারে কাঁটাতারের বেড়ার পাশে তাদেরকে লক্ষ করে গুলি করে নদীয়া জেলার ছুটিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে বাহার আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় পালিয়ে আসেন আলতাফ হোসেন।
বিডিআর কর্মকর্তা সুলতান জানান, লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে ।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে সোমবার ভোরে বিএসএফের গুলিতে রবিউল ইসলাম রবু (৪০) নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী-আজমতপুর গ্রামের আরজেদ আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জায়েদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার ভোর ৫টার দিকে কয়েকজন গরু ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্তের মেইন পিলার ১৭৫ এর সাবপিলার ১ ও ২ এর মধ্য এলাকা দিয়ে ভারত থেকে ফিরছিল। এ সময় ভারতের মালদা ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের সাবদেলপুর ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করে।
গুলিতে ঘটনাস্থলেই নিহত হয় রবু। বিএসএফ তার লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
বিডিআর কর্মকর্তা জায়েদ জানান, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে এবং নিহতের লাশ ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১২৪১ ঘ.
bdnews24