২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশির সুরে জীবন ধারণ

বাঁশির সুরই বাঁচিয়ে রেখেছে কালু মিয়া। বাঁশিই তার সঙ্গী, জীবন-জীবিকার একমাত্র অবলম্বন। তাই পথে পথে সুর তুলে ফেরি করেন বাঁশের বাঁশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 11:24 AM

Updated : 25 Aug 2022, 12:27 PM

শেরপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁশির সুরই বাঁচিয়ে রেখেছে কালু মিয়া। বাঁশিই তার সঙ্গী, জীবন-জীবিকার একমাত্র অবলম্বন। তাই পথে পথে সুর তুলে ফেরি করেন বাঁশের বাঁশি। শেরপুরের শ্রীবরদী উপজেলার মাদারপুর গ্রামের বংশীবাদক কালু মিয়া। শৈশবে মনের আনন্দে বাঁশিতে সুর তুলতে শুরু করেছিলেন। সেই সুরের পথ ধরেই তিনি এখন বাঁশরীয়া। বাংলা সাহিত্যের বড়ো একটি জায়গা জুড়ে আছে গান আর সুর। শ্রীকৃষ্ণ কীর্তনেও বাঁশির সুরে আকুল হয়েছেন শ্রী রাধা আর যোগিনী সখীরা। এই বাঁশিই সুর দিয়েছে বাউল, ভাটিয়ালি আর ভাওয়াইয়া গানে। বাঁশির সুরে আকৃষ্ট হয়েছেন কবিগুরু রবীন্দ্রনাথ, কবি নজরুলসহ অনেক শিল্পী, সাহিত্যিক। গ্রাম বাংলার নিভৃত কোণে কালু মিয়ার মতো কোনো না কোনো বাঁশরীয়া আজো সেই আকুল করা সুরের সুধা ছড়িয়ে যাচ্ছেন। অনেকে বাঁশি বাজান শখ করে, ভালোবেসে। কিন্তু মাদারপুরের কালু মিয়া বাঁশিতে ঝড় তোলেন জীবন ধারণের তাগিদে। কুমিল্লা থেকে বাঁশি কিনে নিজ এলাকায় ফেরি করেন কালু মিয়া। প্রতিদিন পায়ে হেঁটে পারি দেন ৫-৬ কিলোমিটার পথ। বাঁশি বাজিয়ে আর বিক্রি করে তার দৈনিক আয় ৩০০ থেকে ৪০০ টাকা। তাই দিয়ে চলে পঞ্চাশোর্ধ কালু মিয়ার ছয়জনের সংসার। লেখা-পড়া জানেন না তিনি। বাঁশিতেও নেই প্রাতিষ্ঠানিক তালিম। কোনো ওস্তাদের দীক্ষাও পাননি কোনোদিন। সুর সাধনায় স্ব-শিক্ষিতই বলা চলে তাকে। কালু মিয়া জানান, ১৫-১৬ বছর বয়সে হাতে বাঁশি তুলে নিয়েছিলেন। গরীব ঘরের সন্তান হওয়ায় বাঁশিই হয়ে উঠে জীবিকার অবলম্বন। সেই থেকে বাঁশিই তার ধ্যান ও জ্ঞান। কালু মিয়া বলেন, "আমি বাঁশি বাজিয়ে নিজে আনন্দ পাই অপরকে আনন্দ দেই। আর তাতেই আমার সুখ। মানুষ আমার কাছ থেকে বাঁশি কেনে, আমার বাঁশি শুনে অনেকেই খুশি হয়ে টাকা পয়সা দেয়।" মানুষের ভালবাসার কারণে কোন ক্লান্তিই তাকে স্পর্শ করে না-কালুমিয়া যখন এমন কথা বলছিলেন তখন তার চোখের কোণে চিকচিক করে ওঠে দু'ফোটা আনন্দাশ্র"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এসএএ/১৭২০ঘ.