সাভার, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নূন্যতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে সাভারের আশুলিয়ায় শুক্রবার পাঁচটি তৈরি পোশাক কারখানায় ভাংচুর করেছে শ্রমিকরা।
এতে শ্রমিক-কর্মচারী-কর্মকর্তাসহ অন্তত ২০ জন আহত হন।
ওই সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। ভাংচুর করে ১০/১২টি যানবাহন।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নাশা গ্র"পের পাঁচটি কারখানায় এ ভাংচুর চালানো হয়।
কারখানাগুলো হলো- নাশা গার্ডেন লিমিটেড, নাশা এজি সুপার গামের্ন্টস লিমিটেড, নাশা গ্লোবাল লিমিটেড, নাশা হাইটেক লিমিটেড ও নাশা ওয়াশ লিমিটেড।
আহতদের মধ্যে রয়েছেন- নাশা হাইটেক লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক (পিএম) মো. মিন্টু, মোস্তফা কামাল, নিরাপত্তা রক্ষী আমিনুল ইসলাম ও এজি সুপার গামের্ন্টস লিমিটেডের ব্যবস্থাপক মো. রিয়াজ। বাকিদের নাম জানা যায়নি।
তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা আড়াইটার দিকে কারখানাগুলোর প্রায় পাঁচ হাজার শ্রমিক ইট-পাটকেল নিক্ষেপ করে জানালা, দরজার গ্লাস ও আসবাবপত্র ভাংচুর করে। এ সময় শ্রমিকদের সঙ্গে কর্মচারী-কর্মকর্তাদের সংর্ঘষ হয়।
এরপর বিকাল ৩টার দিকে শ্রমিকরা নিশ্চিন্তপুর স্ট্যান্ডে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ১০/১২টি যানবাহনের গ্লাস ভাংচুর করে। এ সময় ওই সড়কে কয়েকশ' যানবাহন আটকা পড়ে।
পরে পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে বিকাল চারটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
নাশা গার্ডেন লিমিটেডের শ্রমিক মেহেদী হাসান, আশিকসহ বেশ কয়েকজন শ্রমিক জানান, নূন্যতম পাঁচ হাজার টাকা মজুরি দাবি করলে কর্তৃপক্ষ শ্রমিকদের অশ্লীল গালাগাল দেয়। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
নাশা এজি সুপার গামের্ন্টস লিমিটেডের পরিচালক মোসাদ্দেক আলী জানান, শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে কারখানার জানালা-দরজার গ্লাস ও আসবাবপত্র ভাংচুর করে।
ঘটনাস্থলে উপস্থিত আশুলিয়া থানার উপ-পরিদর্শক মুরাদ আলী শেখ জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। ভাংচুর করে ১০/১২টি যানবাহন।
কারখানারগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৩৮ ঘ.
bdnews24