নারায়ণগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন কালনী পলখান এলাকায় শুক্রবার দুপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
এরা হলেন- পলখান এলাকার আফাজউদ্দিনের ছেলে নূরুল ইসলাম কালু (৩০) ও আব্দুস সোবহানের ছেলে মোক্তার হোসেন (২৯)।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা কয়েকটি যানবাহন ভাংচুর করেছে। এতে মদনপুর-গাজীপুর (ঢাকা বাইপাস) সড়কে একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার জানান, বেলা ১২টায় পলখান এলাকায় সিলেটগামী একটি মালবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা ১০/১২টি যান ভাংচুর করে। মদনপুর-গাজীপুর সড়কে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে। পুলিশ বাধা দিলে তারা পুলিশের একটি গাড়িও ভাংচুর করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩৯ ঘ.
bdnews24