সিলেট, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাশ্রয়ের মাধ্যমে বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় সরকারের পরিকল্পনার অংশ হিসেবে সিলেট নগরীর ৪০ হাজার গ্রাহকের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব বিতরণ করা হবে।
শনিবার সকাল থেকে এই বাল্ব বিতরণ করা হবে বলে জানিয়ে মাইকিং করেছে বিদ্যুৎ বিভাগ। প্রচারপত্র ও পত্রিকায় সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েও প্রচার-প্রচারণা চালানো হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের প্রধান প্রকৌশলী মো. শাহীনুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেটের তিনটি বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের মাধ্যমে ৪০ হাজার গ্রাহককে কমপ্যোক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প (সিএফএল) বা বিদুৎ সাশ্রয়ী বাল্ব (এনার্জি বাল্ব) বিতরণ করা হবে।
এই তিনটি বিক্রয় ও বিতরণ কেন্দ্রের আওতায় প্রায় ৯০ হাজার বিদ্যুৎ গ্রাহক আছেন। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে শনিবার ৪০ হাজার ৭৫৮ জন গ্রাহকের মধ্যে এনার্জি বাল্ব বিতরণ করা হবে।
পরবর্তীতে বাকি গ্রাহকদের দেওয়া হবে।
সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে বাল্ব বিতরণ করা হবে বলে শাহীনুল ইসলাম জানান।
তিনি বলেন, একজন গ্রাহক সর্বোচ্চ ৪টি গোল বাল্বের পরিবর্তে ৪টি এনার্জি বাল্ব সংগ্রহ করতে পারবেন।
এ লক্ষ্যে ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে স্লিপ বিতরণ শুরু হয়েছে। কেউ যদি স্লিপ না পেলে মার্চ মাসের বিদ্যুৎ বিল পরিশোধের কপি সঙ্গে নিয়ে এলেও হবে বলে তিনি জানান।
তিনি জানান, সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর অধীনে ২০ হাজার, বিভাগ-২ এর অধীনে ১২ হাজার ৩শ' এবং বিভাগ-৩ এর আওতায় ৮ হাজার ৪৫৮ জন গ্রাহকের মধ্যে এনার্জি সেভিং বাল্ব বিতরণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫১ ঘ.
bdnews24