বান্দরবান, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে এবছর আম, কলা, কাঁঠাল, আনারস, তালসহ বিভিন্ন মৌসুমি ফলের বাম্পার ফলন হয়েছে। তবে সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় নামমাত্র দামে ফল বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা।
অনুকুল আবহাওয়ার কারণে এবছর ফলন ভালো হয়েছে বলে কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।
বান্দরবান কৃষি বিভাগের তথ্যানুযায়ী, বান্দরবানে ভালো জাতের আনারস, আম, কাঁঠাল ও কলার ব্যাপক চাষ হয়। এসব ফলের জাত ভালো ও ফলনও ভালো হয়ে থাকে।
বান্দরবানের আনারসের সুনাম এখন জেলার সীমানা ছাড়িয়ে দেশের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়েছে। এছাড়া বান্দরবানে এবার আমের ফলনও ভালো হয়েছে। বিশেষ করে নতুন জাতের রাংগুয়াই আমের ফলন ভালো। উন্নত ও আকারে বড় হওয়ায় এর চাহিদাও দেশের বিভিন্ন এলাকায় রয়েছে।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকুল থাকায় এসব ফল উৎপাদন গত বছরের চেয়ে ভালো ও বেশি হয়েছে। ফলে প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এখানে এসে এসব ফল কিনে নিচ্ছে।
তবে কৃষকরা জানান, দ্রুত পচনশীল এসব ফল সংরক্ষণের কোনো ব্যবস্থা বান্দরবানে না থাকায় বাগান থেকে উত্তোলনের পর অতি দ্রুত বিক্রি করে দিতে হয়।
বান্দরবান কৃষক সমিতির সভাপতি উসমান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিপুল পরিমাণে উৎপাদন হওয়ায় স্থানীয়ভাবে বাজারে ফলের চাহিদা নেই। অধিক যোগান দেখে অন্য জেলার ব্যবসায়ীরাও উপযুক্ত দাম দিতে গড়িমসি করছে।
তিনি জানান, বান্দরবানে একটি হিমাগার নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন তারা। দ্রুত একটি হিমাগার নির্মাণের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান তিনি।
বান্দরবানের জেলা প্রশাসক মিজানুর রহমান জানান, বান্দরবানে একটি হিমাগার নির্মাণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। এজন্য স্থান নির্বাচনের কাজ চলছে। অচিরেই বান্দরবানে একটি হিমাগার নির্মাণ করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৮১৮ ঘ.
bdnews24