২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইমারত মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ: আইনমন্ত্রী

ঝুঁকিপূর্ণ ইমারত সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ করা হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2010, 10:40 AM

Updated : 25 Aug 2022, 12:24 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝুঁকিপূর্ণ ইমারত সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ করা হবে বলে জানিয়েছেন আইন মন্ত্রী শফিক আহমেদ। তিনি বলছেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তি হলে রাজউক দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। শুক্রবার ইনস্টিটিউট অব প্ল্যানার্স মিলনায়তনে আবাসন শিল্প বিষয়ক প্রত্রিকা মুক্ত আকাশ আয়োজিত 'ঢাকায় ঝুঁকিপূর্ণ ইমারত ও অগ্নিকাণ্ড' শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন আইনমন্ত্রী। তিনি বলেন, ইমারত সংক্রান্ত বহু মামলায় রাজউক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারছে না। ঝুঁকিপূর্ণ ভবনের আশপাশের লোকজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। এজন্য এসব মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউককে আরো সক্রিয় করার ওপর জোর দিয়ে আইনমন্ত্রী বলেন, রাজউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন মালিক ও ডেভলপাররা কাজ করছে কি না তা নজরদারিতে রাখতে হবে। ডেভলপারদের অবশ্যই আইন মানতে হবে। প্রয়োজনে রাজউকের জনবল বাড়ানোর কথা উল্লেখ করে তিনি বলেন, তবে জনবল বাড়ানোর সঙ্গে সঙ্গে দেখতে হবে তারা ঠিক মতো কাজ করছে কি না। বৈঠকে রিহ্যাব সদস্য প্রকৌশলী সরকার আমীন বলেন, রাজউককে ঘুষ না দিলে দিনের পর দিন নকশা অনুমোদনহীন অবস্থায় পড়ে থাকে। তাই বাধ্য হয়ে ডেভলপারদের ঘুষ দিয়ে কাজ করতে হয়। এ ব্যাপারে অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল হুদা বলেন, ঘুষ যে দেয় আর ঘুষ যে নেয় তারা সমান অপরাধী। ঘুষ দেওয়া বন্ধের আহ্বান জানিয়ে নুরুল হুদা বলেন, "আপনারা ত্র"টি ছাড়া নকশা নিয়ে রাজউকে আসেন, পাস না করা হলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম নাজেম বলেন, রাজধানী ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। এজন্য ঝুঁকির্পূর্ণ ভবনের ব্যাপারে অতি দ্রুত একটি সিদ্ধান্তে আসতে হবে। মুুক্ত আকাশের উপদেষ্টা সম্পাদক এবং রিহ্যাবের সাবেক সভাপতি প্রকৌশলী মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, প্রকৌশলী মোস্তফা কামাল, প্রকৌশলী খালেদা রশীদ, প্রকৌশলী আজিজুল হক, ড. সৈয়দ হুমায়ূন আজাদ প্রমুখও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী এম এমদাদুল ইসলাম এবং সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুক্ত আকাশ সম্পাদক মো. শামসুল আলম। মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, অসাধু ভবন নির্মাতাদের সীমাহীন লোভ ও ভবন নির্মাণে সঠিক নিয়ম না মানায় রাজধানীবাসী ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। ইমারত নির্মাণ আইন, নগর উন্নয়ন আইন, জলাধার সংরক্ষণ আইন, বিল্ডিং কোড ও ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণে ঢাকার সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে নকশা অনুমোদন ও উন্নয়ন নিয়ন্ত্রণে বাধ্য করতে হবে বলে মূল প্রবন্ধে সুপারিশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কেএমএস/১৬৩৩ ঘ.