২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিকম আইনে সংশোধনীর ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি

টেলিযোগাযোগ আইনে প্রস্তাবিত সংশোধনীর বিষয়ে আরো ব্যাখ্যা চেয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 04:03 PM

Updated : 25 Aug 2022, 12:19 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ আইনে প্রস্তাবিত সংশোধনীর বিষয়ে আরো ব্যাখ্যা চেয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার কমিটির বৈঠকে 'বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইন-২০১০' এর বিষয়ে আরো ব্যখ্যার দাবি তোলা হয়। কমিটি বিলটির ব্যাপারে কোনো চূড়ান্ত সুপারিশ করেনি। জাতীয় সংসদ ভবনে বৈঠক শেষে স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু সাংবাদিকদের বলেন, "উত্থাপিত বিলটির বিষয়ে আমাদের আরো ব্যাখা প্রয়োজন। এ ব্যাপারে চূড়ান্ত সুপারিশ প্রদানের আগে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আমরা আলোচনা করতে চাই।" ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু গত ১৩ জুন 'বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইন-২০১০' সংসদে উত্থাপন করেন। এই বিলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ক্ষমতা কমিয়ে তা মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত করার প্রস্তাব করা হয়েছে। বিলটি উত্থাপনের পর স্পিকার আবদুল হামিদ সংসদীয় বিধি অনুাসারে চূড়ান্ত সুপারিশের জন্য বিলটি সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠিয়ে দেন। এটি পাস হতে হলে অবশ্যই কমিটির অনুমোদন লাগবে। 'বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) আইন-২০১০' ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। বিলটি পাস হলে টেলিকম অপারেটরদের লাইসেন্সের ফি নির্ধারণের ক্ষমতা থাকবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের হাতে। বর্তমানে এই ক্ষমতা বিটিআরসির হাতে। খসড়া আইনে টেলিযোগাযোগ আইন লঙ্ঘনের দায়ে আরো কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছে। সংশোধিত আইনে অপরাধের জন্য টেলিকম অপারেটরদের সর্বোচ্চ ৩শ' কোটি টাকা জরিমানা এবং কারাদণ্ড সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়। বিদ্যমান আইনে সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। বিলটি আইনে পরিণত হলে টেলিকম অপারেটররা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতিপূরণের দাবি নিয়ে আদালতে যেতে পারবে না। এবং এ ধরনের দাবি আদালতে উত্থাপিত হলেও আদালত তা সরাসরি নাকচ করে দেবে। বৈঠকে আরো উপস্থিত ছিলেন- এ এস এম ফিরোজ, মো. আব্দুস কুদ্দুস, মো. নজরুল ইসলাম বাবু, খালিদ মাহমুদ চৌধুরী এবং মোয়াজ্জেম হোসেন রতন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এইচএ/২১৫৭ ঘ.