ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত বিভিন্ন বাহিনীর সদস্যদের মৃত্যুজনিত ক্ষতিপূরণের পরিমান ৪০ শতাংশ বাড়িয়েছে বিশ্ব সংস্থাটি।
জাতিসংঘ সাধারণ পরিষদের প্রশাসনিক ও বাজেট বিষয়ক (পঞ্চম) কমিটিতে মঙ্গলবার (১৫ জুন) এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, ওই কমিটি ক্ষতিপূরণের পরিমান বাড়িয়ে ৭০ হাজার ডলার করেছে। আগে এর পরিমান ছিলো ৫০ হাজার ডলার।
সর্বশেষ ১৯৯১ সামরিক পর্যবেক্ষক এবং ১৯৯৭ সালে শান্তিরক্ষা মিশন সদস্যদের মৃত্যুজনিত ক্ষতিপূরণের পরিমান পুনর্নির্ধারণ করা হয়েছিলো।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্তব্য পালনকালে বাংলাদেশের প্রায় ৯৮ জন সদস্য নিহত হন। বর্তমানে দেশের প্রায় ১০ হাজার সদস্য জাতিসংঘের ১২টি শান্তিরক্ষা মিশনে কর্মরত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএসবি/১৭৩৪ ঘ.
bdnews24