২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রায় ৩ মাসেও কার্যকর হয়নি হাইকোর্টের আদেশ

ঢাকায় কর্মরত নিন্ম আদালতের একজন বিচারকের দায়রা মামলা বিচারের ক্ষমতা প্রত্যাহারের হাইকোর্টের আদেশ প্রায় তিন মাসেও কার্যকর হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 10:09 AM

Updated : 25 Aug 2022, 12:20 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় কর্মরত নিন্ম আদালতের একজন বিচারকের দায়রা মামলা বিচারের ক্ষমতা প্রত্যাহারের হাইকোর্টের আদেশ প্রায় তিন মাসেও কার্যকর হয়নি। গত ২৫ মার্চ বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হুসাইন এবং জোবায়ের রহমান চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ঢাকার ৪ নম্বর বিশেষ জজ জেসমিন আনোয়ারের দায়রা মামলার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার আদেশ দেন। তবে বৃহস্পতিবার দুপুরে হাইকোর্টের ওই আদেশের উপর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের উপসচিব প্রশাসন আবু সালেহ শেখ মো. জহিরুল হক স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার জেলা জজ ভবানী প্রসাদ সিংহের কাছে পৌঁছেছে। চিঠি পৌঁছানোর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন ঢাকার জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো. আমীরুল ইসলাম । দণ্ডিতের দাখিল করা আপীলের শুনানি শেষে হাইকোর্ট দণ্ডিতকে খালাস দিয়ে মন্তব্যে বলে, মামলার সাক্ষীদের বক্তব্য না বুঝে, আইনের ভুল ব্যাখ্যার মাধ্যমে একজন নিরাপরাধীকে অপরাধী বানিয়ে তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন ওই বিচারক। যা অত্যন্ত দুঃখজনক ও একইসঙ্গে দুর্ভাগ্যজনক। হাইকোর্ট এ মন্তব্য করে ওই বিচারকের দায়রা বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার এ আদেশ দেন। হাইকোর্টের দেয়া রায়ের বিবরনে জানা যায়, জেসমিন আনোয়ার ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসাবে হালুয়াঘাট থানার একটি চাঁদাবাজি মামলায় ২০০৩ সালে হালুয়াঘাটের বিরইদাকোনি গ্রামের লিয়াকত আলীর ছেলে মুশতাক আহমেদকে যাব্বজীবন কারাদন্ড দেন। ওই চাঁদাবাজি মামলার রায়ের বিরুদ্ধে মুশতাক হাইকোর্টে আপীল করেন। চলতি বছরের ২৪ মার্চ আপীলের শুনানি হয়। হালুয়াঘাটের একটি খ্রিস্টান মিশনারিজ স্কুলের প্রধান শিক্ষক রজার অষ্টিন ২০০৩ সালের ৪ জানুয়ারি হালুয়াঘাট থানায় ২ জানুয়ারি তারিখের ঘটনা বর্ননা করে দন্ডবিধির ৩৮৫/৩৮৭ ধারায় এজাহার দাখিল করেন। এজাহারে বলা হয়, ২ জানুয়ারি সূর্যাস্তের পর তার হালুয়াঘাটের কোয়ার্টারে আসামি মুশতাক তাকে অনুসরন করে। অষ্টিন ঘরে ঢুকে বাতি নিভিয়ে দিয়ে দেখতে পান একজন লোক ড্যাগার (ছুরি) হাতে দাঁড়িয়ে আছে। এজাহারে বলা হয়, মুশতাক ড্যাগার দেখিয়ে তার কাছে ১০ হাজার টাকা দাবি করে। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। অস্টিনকে তার হাতে পায়ে ছুরি দিয়ে আঘাত করে মোস্তাক। অস্টিন এক পর্যায়ে ছুরিটি কেড়ে নিয়ে জানালা দিয়ে ফেলে দেন। এজাহারে আরও বলা হয়, এসময় মোস্তাক ঘরে থাকা একটি বড় কাঁচি দিয়ে আঘাতের ভয় দেখিয়ে দশ হাজার টাকার সোনালী ব্যাংকের একটি চেক লিখিয়ে নেন। অস্টিন ওই চেকে আসল স্বাক্ষর দেন নি। পরে কোনো মতে অস্টিন মোস্তাককে কোয়ার্টার থেকে বের করে দেন। এজাহারে বলা হয়েছে, মোস্তাক ওই চেকটি যাতে ভাঙ্গাতে না পারে সে বিষয়টি তিনি ব্যাংক ব্যবস্থাপককে জানান। ৪ জানুয়ারি সকাল ৯ টার দিকে মোস্তাক ওই চেক নিয়ে সোনালী ব্যাংক হালুয়াঘাট শাখায় ভাঙাতে যান। পরপরই বাদি ব্যাংকে পুলিশ নিয়ে যান। পুলিশ মোস্তাককে গ্রেপ্তার করে। ওই বছরের ৬ ফেব্র"য়ারি মামলার অভিযোগপত্র দেওয়া হয়। একই বছর ৩ মে অভিযুক্ত মোস্তাকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষের আট জনের স্বাক্ষ্য নেওয়া হয়। হাইকোর্টের আদেশে বলা হয়, কোনো সাক্ষী মামলা প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষের যথাযথ এবং প্রয়োজনীয় সাক্ষ্য দেননি। আপিলের রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট বলেন, সিনেমা স্টাইলের এ মামলায় যাবজ্জীবন দণ্ড দেওয়া অতি আশ্চর্যজনক। এখানে বিচারক বিচারিক মনোভাব প্রয়োগে ব্যাপক ভুল করেছেন। গত সপ্তাহে বিশেষ জজ ৪ নম্বর আদালতের বিচারক জেসমিন আনোয়ারের পেশকার তৈয়বুল আলম জানান, তাদের হাতে হাইকোর্টের ওই আদেশের কোন কপি আসেনি। বিচারক জেসমিন এবং এ আদালতের কোন কর্মচারি দায়রা মামলার বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়ার বিষয়ে কোন কিছু জানেন না। তাই এখনও জেসমিন আনোয়ার দায়রা মামলার বিচার করে যাচ্ছেন। গত ৬ জুন সকালে এ আপিল পরিচালনাকারী সহকারি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রায়ের কপি হাইকোর্টের বিচারপতিদের নির্দেশনা অনুযায়ী সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে ওই বিচারকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে কি না তা তিনি জানেন না। পাঠানোর দায়িত্ব সংশ্লিষ্ট ফৌজদারি আপিল শাখার। তিনি জানান, জেসমিনের পক্ষ থেকে হাইকোর্টের আপিলের এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/১৬০১ ঘ.