ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদে ১৯৮৭ সালের বাংলা ভাষা প্রচলন আইন সংশোধণ এবং ২০০৮ সালের জুডিসিয়াল সার্ভিস সচিবালয় অধ্যাদেশ-এর নীতিগত অনুমোদন বাতিলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
একইসঙ্গে মন্ত্রিসভার বৃহস্পতিবারের বৈঠকে পণ্যের মোড়কে পাটের ব্যবহার বাধ্যতামূলক, ব্যাংক কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠান আইন সংশোধন এবং পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাস্তবায়ন নীতি ও কৌশল অনুমোদন করা হয়েছে।
পিপিপি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন।
আবুল কালাম আজাদ জানান, জুডিসিয়াল সার্ভিস সচিবালয় অধ্যাদেশের নীতিগত অনুমোদন এবং সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন সংক্রান্ত ১৯৮৭ সালের আইন সংশোধন করতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।
তিনি জানান, সভায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ২০১০-এর জন্য নীতি ও কৌশল খসড়া এবং এর বিধিমালার খসড়া অনুমোদন করা হয়েছে। পিপিপি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি কার্যালয় থাকবে। তবে এ কার্যালয়টি যুক্ত থাকবে বোর্ড অব ইনভেস্টমেন্ট (বিওআই)-এর কার্যালয়ের সঙ্গে।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপদেষ্টা করে তিন সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। কমিটি বছরে অন্তত: একটি সভা করবে। তবে কমিটির অন্য দুই সদস্য কে তা তিনি জানাননি।
সভায় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এবং আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩-এর সংশোধনী প্রস্তাবও এতে অনুমোদন করা হয়।
এতে বিভিন্ন ব্যাংকের একই পরিবারের একাধিক সদস্য থাকা, একই ব্যক্তির একাধিক ব্যাংকে পরিচালক পদে থাকা ও গ্রাম পর্যায়ে বেসরকারি ব্যাংকের শাখা স্থাপনের বিষয়ে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। নতুন আইন হলে একই ব্যক্তি একাধিক ব্যাংকের পরিচালক পদে থাকতে পারবেন না।
এছাড়াও সভায় বিভিন্ন পণ্য মোড়কজাত করার ক্ষেত্রে পাটের ব্যবহার বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়। আইনটি শিগগিরই সংসদে উপস্থাপন ও অনুমোদন করা হবে বলে জানান প্রেস সচিব।
সভায় কক্সবাজার ও বান্দরবানে পাহাড় ধসে ৫৫ জনের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করা হয় ও শোক প্রস্তাব নেয়া হয়।
এ ছাড়াও নিতমলীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টাদের একদিনের বেতন দেওয়া হবে বলে সভায় জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৫৩৬ ঘ.
bdnews24