মৌলভীবাজার, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার শ্রীমঙ্গল উপজেলায় র্যাব পরিচয়ে বুধবার ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ধাওয়া করে চারজনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- নেত্রকোনার মদন উপজেলার বড়আটি গ্রামের জাহাঙ্গীর আলম (৩২), হবিগঞ্জের মাধবপুর উপজেলার দেবপুর গ্রামের শাফায়েত আলী (৩৪), ব্রাম্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপড়তলা গ্রামের হুমায়ুন কবির (২০) ও সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারোপা গ্রামের জামাল আহমদ (২৭)।
এ সময় তাদের কাছ থেকে পাঁচ লাখ ৮১ হাজার টাকা ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুল্লাহ্ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে জেমস ফিনলে টি কোম্পানির হুগলি চা বাগানের ব্যবস্থাপক আমজাদ হোসে শ্রমিকদের মজুরি দেওয়ার জন্য এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখা থেকে ৭ লাখ ৩১ হাজার টাকা তুলে জিপে স্থানীয় আমরাইল চা বাগানে নিয়ে যাচ্ছিলেন। ঢাকা- সিলেট মহাসড়কের ভূনবীর ইউনিয়ন কার্যালয় সামনে একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের গতিরোধ করে।
তারা নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে আমজাদ হোসেনকে মরধর করে তাড়িয়ে দেয়। তার সঙ্গে থাকা আমরাইলছড়া চা বাগানের কর্মচারী মতিউর রহমান চৌধুরীকে টাকার ব্যাগসহ গাড়িতে তুলে নিয়ে যায়।
পরে খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রাম থেকে টাকার ব্যাগসহ চার তরুণকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৫২ ঘ.
bdnews24