ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যাত্রী হয়রানি বন্ধ ও যাতায়াতের সুবিধার্থে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের ইজারা প্রথা বাতিল করেছে সরকার।
আগামী ১ জুলাই থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এ ব্যাপারে লঞ্চমালিক সমিতিসহ সংশ্লিষ্ট সবার সহাযোগিতা চেয়েছেন নৌ পরিবহন মন্ত্রী মো. শাজাহান খান।
বুধবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, সদরঘাটে নৌ পরিবহন মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিটিএ) কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় সরকারের সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন- নৌ মন্ত্রণালয়ের সচিব আব্দুল মান্নান হাওলাদার, বিআইডব্লিটিএ'র চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার চেয়ারম্যান মাহবুবউদ্দিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমএসবি/২১২৯ ঘ.
bdnews24