২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী ফল পাল্টানো হলে পরিণতি শুভ হবে না: দেলোয়ার

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে 'চক্রান্ত' করে ফলাফল পাল্টানো হলে তার পরিণতি শুভ হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 03:04 PM

Updated : 25 Aug 2022, 12:16 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) নির্বাচনে 'চক্রান্ত' করে ফলাফল পাল্টানো হলে তার পরিণতি শুভ হবে না বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বুধবার বিকেলে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এক আলোচনা সভায় বক্তব্য রাখার সময় তিনি এ হুশিয়ারি দেন। 'সংবাদপত্রের কালো দিবস' উপলক্ষে বিএনপি এই আলোচনার সভার আয়োজন করে। খোন্দকার দেলোয়ার বলেন, ''চক্রান্ত করে চট্টগ্রাম সিটি নির্বাচনে ফলাফল পাল্টানো হলে তার পরিণতি শুভ হবে না। একদিন এই সরকারকে জনগনের রোষানলে পড়তে হবে।'' একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সিসিসি নির্বাচন উপলক্ষে সেখানে সরকারি দলের মন্ত্রী ও সাংসদরা উপস্থিত হয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে নির্দেশনা দিচ্ছে। যাতে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ফলাফল আনা যায়। এভাবেই তারা অতীতে নির্বাচনে কারচুপি করে জনগনের রায়কে পাল্টিয়েছে। ১৯৭৫ সালের ১৬ জুন জাতীয় সংসদে চতুর্থ সংশোধনীর মাধ্যমে তৎকালীন সরকার প্রধান শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলে দেশে চারটি পত্রিকা ছাড়া সব পত্রিকার প্রকাশনা বন্ধ হয়ে যায়। এর প্রতিবাদে এ দিবসটি বিএনপি কালো দিবস হিসেবে পালন করে আসছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান অবস্থা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ''আমাদের কাছে খবর আসছে, আমরা অনেকটাই বুঝতে পারছি, সরকার চক্রান্ত করে নির্বাচন কমিশনসহ ওই নির্বাচনের ফল সরকারি দলের প্রার্থীর পক্ষে আনার ষড়যন্ত্র করছে।'' দেলোয়ার সংবাদপত্র বন্ধ ও বাক স্বাধীনতা হরণে আওয়ামী লীগের অতীত ও বর্তমান চিত্র তুলে ধরে বলেন, ''তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা বাক স্বাধীনতা হরণে কাজ করছে। এখনো করছে। সাংবাদিকদের ওপর নির্যাতন চালাচ্ছে।'' এ ক্ষেত্রে তিনি বর্তমান সরকারের আমলে চ্যানেল ওয়ান, আমার দেশ পত্রিকা বন্ধ করার কথা উল্লেখ বলেন। দেলোয়ার সরকারের দমনপীড়নের কঠোর সমালোচনাও করেন। সরকার গত ১ জুন বৈধ প্রকাশক না থাকার অভিযোগে আমার দেশের প্রকাশনা বন্ধ করে দেয়। এরপর ২ জুন ভোররাতে আমার দেশ কার্যালয় থেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। দলের সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, সিনিয়র যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল ও ছাত্র দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য রাখেন রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন, দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। বিডিন্উিজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/২০৫৫ ঘ.