ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভবনকে সংস্কার করে ভূমিকম্প সহনশীল (রেট্রোফিটেড) করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
একই সঙ্গে সচিবালয়ের একটি পুরান ভবনকেও সংস্কার করা হবে।
তিনি বলেন, "ভূমিকম্পের দিক থেকে ঢাকা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। রিকটার স্কেলে সাত মাত্রার ভূমিকম্প হলেই ঢাকার ৭০ হাজার ভবন ধসে যেতে পারে। ঝুঁকি কমাতে চিহ্নিত কিছু ভবন ভূমিকম্প সহনশীল করার উদ্যোগ নেয়া হয়েছে।"
খাদ্যমন্ত্রী জানান, প্রথম পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সচিবালয়ের একটি ভবন ভূমিকম্প সহনশীল করা হবে। এতে বেসরকারি ভবন মালিকরাও উৎসাহী হবে বলে তিনি মনে করেন।
রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি মিলনায়তনে অনুষ্ঠিত 'জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকবিলায় প্রকৌশলীদের ভূমিকা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক এসব বলেন।
বাংলাদেশ এসোসিয়েশন অব কনসালটিং ইঞ্জিনিয়ার্স (বিএসিই) এবং টেকনিক্যাল কনসালটেন্সি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর এশিয়া এন্ড দ্য প্যাসিফিক (টিসিডিডিএপি) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি করে গবেষণার ওপর গুরুত্ব দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ১৭ ভাগ এলাকা সমুদ্রে তলিয়ে যাওয়ার আশংকা আছে। এতে বিপুল সংখ্যক লোক গৃহহীন হয়ে পড়বে। প্রতিনিয়ত বাড়তে থাকবে প্রাকৃতি দূর্যোগ।"
ভূমিকম্পের ঝুঁকির কথা উল্লেখ করে তিনি বলেন, "দ্রুততার সঙ্গে ভূমিকম্প পরবর্তী অনুসন্ধান ও উদ্ধার কাজ চালাতে যন্ত্রপাতি কেনা হচ্ছে। সশস্ত্র বাহিনী ও দমকল বাহিনীর কাছে এসব যন্ত্রপাতি থাকবে। উদ্ধার কাজে সহায়তার জন্য দেশে গড়ে তোলা হচ্ছে ৬২ হাজার স্বেচ্ছাসেবক।"
বিএসিই'র সভাপতি স্থপতি মাহবুব হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পিএসসি'র সাবেক চেয়ারম্যান এসএম আল্ হোসাইনী, টিসিডিডিএপি'র এমআই এ খান ও বিএসিই'র স্থপতি মিজানুর রহমান খান।
সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিষয়ে চারটি গবেষণাপত্র উপস্থাপন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/কেএমএস/১৯৫০ ঘ.
bdnews24