নোয়াখালী, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার মতিপুরে মঙ্গলাবার রাতে দুর্বৃত্তের ছোড়া এসিডে একই পরিবারের তিনজন আহত হয়েছেন।
এরা হলেন- মতিপুর গ্রামের ফারহানা আক্তার (১৪), তার বড় বোন রৌশনারা বেগম ও রৌশনারার ছেলে লিয়ান বিন অভিক (৪)। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফারহানা স্থানীয় সাইদুল আবরার মহিলা আলিম মাদ্রাসার ৭ম শ্রেণীর ছাত্রী।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, মতিপুর গ্রামের সোহরাব মিয়ার ঘরে সিঁদ কেটে ঢুকে দুর্বৃত্তরা ঘুমন্ত ফারহানা, রৌশনারা ও অভিকের ওপর এসিড নিক্ষেপ করে। এতে ফারহানার বাম চোখ ও মুখমণ্ডল, রৌশনারার মুখ ও অভিকের মাথা ঝলসে যায়।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুর রাজ্জাক বলেন, এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এ ঘটনায় এসিড সন্ত্রাস নিরোধ আইনে মামলা হবে।
আহতদের পরিবার ও প্রতিবেশীর ধারণা, গ্রামের কয়েকজন বখাটে তরুণ ফারহানা ও তার আরেক বোন সেলিনাকে মাদ্রসায় যাওয়ার পথে উত্ত্যক্ত করতো। এনিয়ে প্রতিবাদ করায় এ ঘটনা ঘটে থাকতে পারে।
এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার সকালে সাইদুল আবরার মহিলা আলিম মাদ্রাসার সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে দোষীদের শাস্তি দাবি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৯৪০ ঘ.
bdnews24