২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের নামে বিশৃঙ্খলা চলবে না: সাহারা

বিরোধী দল কোনো ইস্যু ছাড়াই হরতাল ডেকে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, হরতালের নামে তাদের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 12:16 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল কোনো ইস্যু ছাড়াই হরতাল ডেকে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, হরতালের নামে তাদের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। আগামী ২৭ জুন বিএনপির ডাকা হরতালে বিশৃঙ্খলা ও নৈরাজ্য ঠেকাতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক এক সভা শেষে বুধবার সাংবাদিকদের এ কথা বলেন সাহারা খাতুন। তিনি বলেন, "বিরোধী দল কোনো ইস্যু ছাড়াই হরতাল ডেকে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জামায়াত তাদের সহায়তা করছে।" স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ ঢাকার ১২ সংসদ সদস্য ও মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ৪১ থানার ওসি, ঢাকার জেলা প্রশাসক ও র‌্যাবের মহাপরিচালক। এছাড়াও সভায় জঙ্গি প্রতিরোধ, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ এবং ঢাকাসহ বিভিন্ন এলাকায় জমি দখল রোধের কৌশল নিয়েও আলোচনা হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, "দেশকে অস্থিতিশীল করে যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই বিরোধী দল হরতাল ডেকেছে। কিন্তু সন্ত্রাস বা নৈরাজ্যের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।" হরতালের আগে পুলিশ কোনো অভিযান চালাবে কী না-এ প্রশ্নের জবাবে টুকু বলেন, "আইন শৃঙ্খলা রক্ষায় এটি একটি চলমান প্রক্রিয়া। তবে অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হবে না।" তিনি আরো বলেন, "বিরোধী দলীয় নেত্রী প্রশাসনের কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হুমকি দিয়ে নানা বক্তব্য দিচ্ছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/কেএমএস/১৮৫৭ ঘ.