শরীয়তপুর, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়নের গয়ঘর খলিফাকান্দি গ্রামে মঙ্গলবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।
নিহত মহেদ মাদবর (৪২) এলাকায় আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শৌলপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফিরোজ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহেদ মাদবরের সঙ্গে বিএনপি সমর্থক করিম ঢালী, মোহাম্মদ আলী চৌকিদার, আবু খান, শাহজাহান খাঁর দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল।
তিনি জানান, মঙ্গলবার বিকালে মহেদ বাড়ির পাশে নিজের পাটক্ষেতে কাজ করে ফেরার সময় প্রতিপক্ষরা তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এরপর হামলাকারীরা মহেদের আত্মীয় ও আওয়ামী লীগ সমর্থকদের তিনটি বাড়িতে হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে আরো ১৫ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
পালং থানার ওসি মো. রবিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, করিম ঢালী ও মোহাম্মদ আলী চৌকিদারকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে বুধবার পালং থানায় মামলা করেছেন নিহতের ভাতিজা বোরহান মাদবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/
bdnews24