চট্টগ্রাম, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম নগর সংস্থার নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে।
মঙ্গলবার রাত বারোটায় নির্বাচনী আইন মেনে ভোটের ৩২ ঘণ্টা আগেই প্রচারণা শেষ করতে হয়েছে প্রার্থীদের।
গত ২ জুন প্রতীক বরাদ্দের পরপরই আনুষ্ঠানিক প্রচারণায় নামেন তিন শতাধিক মেয়র ও কাউন্সিলর প্রার্থী।
এদিকে প্রচারণার সময় আচরণবিধি না মানায় বিভিন্ন ওয়ার্ডে কয়েকজন প্রার্থী ও তাদের সমর্থকদের এক লাখ ৪১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এবার নির্বাচনে মেয়র পদে আট জন, ৪১টি ওয়ার্ডের কাউন্সিলর ২৪৯ জন এবং ১৪টি সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী ৫৯ জন।
আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দন চৌধুরী নাগরিক কমিটির কার্যালয়ে সভার মধ্য দিয়ে রাত বারোটায় প্রচারণা শেষ করেন।
বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলম জামালখানে পৌনে বারোটায় পথসভার করেই প্রচারণার ইতি টানেন।
এছাড়া প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলররা নিজ ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে সভা করে তাদের প্রচারণার সমাপ্তি টানেন।
নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানান, ভোটের ৩২ ঘণ্টা আগেই প্রচারণা শেষ করতে হবে।
নির্বাচনী প্রচারণার সময়সীমা পার হওয়ার পরও প্রচারণা চালানোর অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, আইন লঙ্ঘনের দায়ে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
৪০, ১৪, ১৭, ৭, ৮, ৪ , ১৫, ৩৪, ২১, ৩৫ নম্বর ওয়ার্ডে প্রতিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে আপত্তিহকর প্রচারপত্র বিলি করার কয়েকজনকে জরিমানা করা হয় বলে জানিয়েছেন একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তবে কতজনকে বা কাকে কাকে জরিমানা করা হয়েছে সেটা বিস্তারিত জানাননি।
মহিউদ্দিনের পক্ষে নাগরিক কমিটির সদস্য সচিব অবসরপ্রাপ্ত মেজর এমদাদ রাত পৌনে ১২ টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাগরিক কমিটির নন্দকাননস্থ নির্বাচনী কার্যাালয়ে সভার মধ্য দিয়ে প্রচারণা শেষ করা হয়েছে।
"নির্বাচনী আইন অনুসরণ করেই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রচারণা চালিয়েছি আমরা," বলেন তিনি।
শেষ দিনে ৩০টি পথসভাসহ প্রচারণার শুরু থেকে শেষ পর্যন্ত চার শতাধিক পথসভা হয়েছে বলে জানান এমদাদ।
বিএনপি সমর্থিত প্রার্থী মনজুর আলম বলেন, রাত পৌনে ১২টায় জামালখানের প্রেসক্লাবের সামনে গণসংযোগের মধ্য দিয়ে তিনি প্রচারণা শেষ করেন।
মঙ্গলবার ২০টি পথসভাসহ এ পর্যন্ত প্রায় তিনশ' পথসভা করা হয়েছে বলে জানান মনজুর জনসংযোগ কর্মকর্তা মো. রহিম জানান।
আওয়ামী লীগ ও বিএনপি'র কোনো কেন্দ্রীয় বহিরাগত নেতা নির্বাচনী এলাকায় অবস্থান করছেন না বলে দাবি করেছেন মহিউদ্দিন ও মনজুর জনসংযোগ কর্মকর্তারা।
ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটদের সমন্বয়কারী কর্মকর্তা মো. ফিজনূর রহমান জানান, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ ম্যাজিস্ট্রেটরা টহলে রয়েছেন। আইন লঙ্ঘনের অভিযোগ পেলেই সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে জরিমানা ও দণ্ড দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএডি/এমসি/এমএসবি/০০২৫ ঘ.
bdnews24