মাদারীপুর, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরে বাস ভাড়াকে কেন্দ্র করে ছাত্র ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষে পুলিশসহ ৫০ জন আহত হয়েছে।
আহতদের মাদারীপুর সদর, ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার জের ধরে বাস শ্রমিকরা জেলার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে এবং সরকারি নাজিমউদ্দিন কলেজ দুদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মাদারীপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) সরদার তমিজউদ্দিন আহমেদ।
তিনি বলেন, সরকারি নাজিমউদ্দিন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র দাদন হোসেন কাজীরটেক ফেরিঘাট থেকে বাসে করে কলেজের গেটে নামলে ভাড়া নিয়ে বাস শ্রমিককের বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে, কিন্তু দুপক্ষকে নিরস্ত করতে ব্যর্থ হয়।
তিন ঘণ্টার সংঘর্ষে এসপি তমিজউদ্দিন আহমেদসহ বেশ কয়েকজন পুলিশও আহত হয়।
পরে পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে এসে কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে আছেন- সুমন মোল্লা (২৬), ইসমাইল হোসেন (২৫), সুমন মণ্ডল (২৬), রুবেল হোসেন (২৫), সুমন দত্ত (২৭), কলেজ স্টাফ এনামুল হক (২৫), সুমন শেখ (২৬), সাইফুর রহমান রুবেল খান (৩০), মতিউর রহমান (২৪), জহিরুল (২৪), মিরাজ হোসাইন (২৪), তানভীর (২৫), মারুফ হোসেন (২৪), জাহিদুল (২৪), আলেয়া বেগম (২৩), মামুন খান (২৬), কবির হোসেন (২১) ও সাদ্দাম হোসেন (১৮)।
কলেজ ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক মিরাজ হোসাইনকে ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেবুন নাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছাত্রদের উপর এই হামলার কারণে আগামী দুদিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।"
কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এইচ এম ইয়াদুল ইসলাম বলেন, "দোষীদের না করা পর্যন্ত আমরা সংসদের পক্ষ থেকে সব শিক্ষার্থীকে ক্লাস বর্জনের আহ্বান জানিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩৪৭ ঘ.
bdnews24